আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী।
আসামি লুৎফুজ্জামান বাবরের আইনজীবীর জেরা অসমাপ্ত অবস্থায় আদালত ১০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ জেরা অনুষ্ঠিত হয়। এদিকে শুনানি শেষ হওয়ার পর মামলার পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ নিয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে তর্ক হয়। এ সময় লুৎফুজ্জামান বাবর দাঁড়িয়ে আদালতকে বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় আমাকে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় আসামি করা হয়েছে। উপরে আল্লাহ আছে। তাঁকে বিচার দিচ্ছি।’ নিজেকে অসুস্থ উল্লেখ করে আদালতের কাছে সময়ও চান তিনি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পাবলিক প্রসিকিউটর কামাল উদ্দিন আহামঞ্চদ বলেন, ‘আসামিপক্ষের আইনজীবী তদন্ত কর্মকর্তাকে দিনভর অবান্তর প্রশ্ন করে সময়ক্ষেপণ করছেন। তাই সাক্ষ্য শেষ করার জন্য আদালতে আবেদন করেছি। আদালত আগামী ধার্য দিনে ওই আবেদনের ওপর শুনানি করে আদেশ দেবেন।’ তিনি বলেন, ইতিমধ্যে সাক্ষীদের বক্তব্যে যা উঠে এসেছে, তাতে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণ করতে পারবে।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টায় আসামিদের উপস্থিতিতে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার। তবে অপর আসামি জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীকে আদালতে হাজির করা হয়নি। তাঁর অনুপস্থিতিতে মামলার শুনানি কার্যক্রম স্থগিত রাখতে আদালতে আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত ওই আবেদন নাকচ করে দেন।
বাবরের আইনজীবী তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু করেন। জেরাকালে আগের তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি ইসমাইল হোসেনের তদন্তে আসামি ও সাক্ষীদের জবানবন্দিতে বাবরের নাম উঠে এসেছে কি না, প্রশ্ন করেন। এ ছাড়া মামলার সাক্ষী সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা কী তথ্য পেয়েছেন এবং ওই তথ্য অনুসারে ওই দুই সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন কি না এবং তাঁদের ১৬১ ও ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির মধ্যে মিল আছে কি না—এসব জানতে চান বাবরের আইনজীবী।
এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এসব প্রশ্নের সঙ্গে বাবরের কোনো সম্পৃক্ততা নেই, সময়ক্ষেপণের জন্য এমন অবান্তর প্রশ্ন করছেন আইনজীবী।’ এ সময় বিচারক আসামির আইনজীবীকে অতীত টেনে জেরা না করে বাবরের প্রসঙ্গে জেরা করতে বলেন। বেলা একটা ৩০ মিনিটে আদালত মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি দেন। পরে বেলা সাড়ে তিনটায় আবার শুনানি শুরু হয়। শুনানিকালে বাবরের আইনজীবী মামলার সাক্ষী সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল উদ্দিনের প্রসঙ্গ টেনে তদন্ত কর্মকর্তাকে বিভিন্ন প্রশ্ন করেন। বিকেল পাঁচটা গড়ালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন সাক্ষ্য গ্রহণ শেষ করতে আদালতকে অনুরোধ জানান। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা ঈদের পর পরবর্তী শুনানির দিন ধার্য করতে আদালতকে অনুরোধ করেন। একপর্যায়ে আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দাঁড়িয়ে নিজেকে অসুস্থ উল্লেখ করে ঈদের পরে তারিখ রাখতে অনুরোধ জানান। তিনি বলেন, ‘আটটি মেডিকেল বোর্ড আমাকে হাসপাতালে ভর্তি হতে বলেছে। শুধু আমার বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যের জেরার কারণে আদালতে আসছি। আজকে ১০ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন মামলায় আসামি হতে হয়েছে মিথ্যা সাক্ষ্য না দেওয়ায়। ৭২ দিন রিমান্ডে রেখে আমাকে নির্যাতন করা হয়েছে। অন্যায়ভাবে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে।’