২১ আগস্টের হামলার সঙ্গে তারেককে জড়ানোর চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে দমন করতেই সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলের নেতা ও তারেক রহমানকে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানে বক্তব্য দিয়ে মামলার তদন্তে প্রভাব সৃষ্টি করতে চাচ্ছেন।রাজধানীর মুক্তাঙ্গনে গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলের নেতারা এ অভিযোগ করেন। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিল ও বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকার পরিকল্পিতভাবে আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিল করেছে। সরকার জনগণের সমস্যার সমাধান না করে বিরোধী দল দমনের নীতি গ্রহণ করেছে। এটা কখনো দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। তিনি সরকারকে এ পথ পরিহার করে সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানান।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন কোকোর প্যারোল বাতিল করা হয়নি। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন শর্ত ভঙ্গ করায় প্যারোল বাতিল করা হয়েছে। এ হলো সরকারের মন্ত্রীদের অবস্থা। একজনের সঙ্গে আরেকজনের কথার কোনো মিল নেই। সরকার অন্য কাজে মনোযোগ না দিয়ে এক নম্বর এজেন্ডা হিসেবে জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির নেতা ও তারেক রহমানকে জড়ানোর চেষ্টা করছে সরকার।জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘খালেদা জিয়া ছেলেদের দেখতে যান না, কেননা দুই পুত্রবধূর ওপর তাঁর আস্থা আছে। বাংলার নারীরা তাঁদের স্বামীদের সেবা-যত্ন সঠিকভাবেই করেন।’রাজধানীর রাস্তায় মিছিল-মিটিংয়ের ওপর পুলিশের নিষেধাজ্ঞা থাকলেও মুক্তাঙ্গনে বিএনপির পূর্বঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। সকাল সাড়ে ১০টা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল ছাড়াই মুক্তাঙ্গনে জড়ো হন। তবে সমাবেশে দলের স্থায়ী ও নির্বাহী কমিটির নেতাদের উপস্থিতি ছিল কম।বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।