২১ আগস্টের হামলায় আহত মতিনের চিকিৎসা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার একটা চাকরি ছিল, সুস্থ-সবলভাবে সংসার করব বলে কত স্বপ্ন ছিল। সব মিথ্যে হয়ে গেল। এখন আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু এটাকে তো বাঁচা বলে না। এর চেয়ে মরে গেলে ভালো হতো। আমিও বাঁচতাম, আমার পরিবারও বাঁচত।’ গত শুক্রবার কথাগুলো বলতে বলতে মতিনের (৩৮) চোখ দুটো ভিজে যাচ্ছিল বারবার।২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বরগুনার আয়লা-পাতাকাটা গ্রামের মতিন গুরুতর আহত হন। দীর্ঘদিন চিকিৎসাও হয়েছে তাঁর। কিন্তু শরীরে বিদ্ধ গ্রেনেডের অসংখ্য স্প্লিন্টার অনেক চেষ্টা করেও বের করতে পারেননি চিকিৎসকেরা। আর স্বাভাবিক জীবনেও ফিরে আসা সম্ভব হয়নি মতিনের। তাঁর দুটি কানই প্রায় অকেজো হয়ে গেছে, ডান পায়ে ভর দিতে পারেন না, হাত-পায়ে প্রায়ই খিঁচুনি দেখা দেয়। ঠিকমতো কথাও বলতে পারেন না, সব সময় শরীর কাঁপতে থাকায় স্থির হয়ে দাঁড়াতেও পারেন না। গ্রেনেডের বিষাক্ত স্প্লিন্টার মাথার বিভিন্ন অংশে বিদ্ধ হওয়ায় অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন মতিন। মানসিক ও শারীরিক ভারসাম্য হারানোয় মতিন তাঁর জীবিকার বাহন চাকরিটুকু হারিয়েছেন। প্রতিদিন ১৫০-২০০ টাকার অসুধের প্রয়োজন হলেও অর্থাভাবে তা কেনা যাচ্ছে না। তাই দিনে দিনে তাঁর অবস্থার অবনতি হচ্ছে।মতিন বলেন, ‘চিকিৎসকেরা বলেছেন, নিয়মিত অসুধ খেলে আমি বাকি জীবনটা কিছুটা সুস্থ থাকতে পারব। কিন্তু সেই অর্থ পাব কোথায়? আহত হওয়ার পর দেড় বছর ঢাকায় ছিলাম। আর স্ত্রী বাধ্য হয়ে গার্মেন্টসে চাকরি নেয়। প্রতিদিনের অসুধ, ঘরভাড়া, খাবারের খরচ স্ত্রীর বেতনের টাকায় চলছিল না। তাই গ্রামে চলে এসেছি।’ মতিন বলেন, ‘২১ আগস্ট আওয়ামী লীগের কর্মী হিসেবে সমাবেশে গিয়েছিলাম। আহত হওয়ার পর সাক্ষাৎকার চেয়ে গত ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম, কিন্তু এখনো কোনো জবাব পাইনি।’মতিনের বাবা আবদুল কাদের বলেন, ‘সারা জীবন আমাগো পরিবার আওয়ামী লীগ কইরা এর প্রতিদান পাইছি এমন। আমার পোলাডার জীবন শ্যাষ, তাঁর চিকিৎসা করাতে গিয়ে আমার জাগা-জমিটুকও শ্যাষ। এহন সংসারে যে কী কষ্ট বুঝাইতে পারমু না।’