সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা থেকে হল-মার্কসহ ছয় প্রতিষ্ঠানের অর্থ (নন-ফান্ডেড) আত্মসাতের ঘটনায় সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে ব্যাংকটির পাঁচটি শাখার ২১ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের দুদকে হাজির হতে নোটিশ পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক ও হল-মার্ক মামলার তদন্তপ্রধান মীর মো. জয়নুল আবদীনের সই করা নোটিশ ওই ২১ কর্মকর্তার কর্মস্থলে পাঠানো হয়েছে।দুদক সূত্র জানায়, সোস্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকার নন-ফান্ডেড বিল রয়েছে। এ কাজে ব্যাংকটির ঢাকার দনিয়া, রসুলপুর, বংশাল, বনানী ও নারায়ণগঞ্জ শাখার সম্পৃক্ততা রয়েছে। সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা থেকে হল-মার্কসহ ছয় প্রতিষ্ঠান মিলে তিন হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় এক হাজার ৯১৮ কোটি টাকার (ফান্ডেড) বিপরীতে মোট ৩৭টি মামলা করেছে দুদক। অপর দিকে নন-ফান্ডেড এক হাজার ৬৫০ কোটি টাকা আত্মসাতের সঙ্গে দেশি-বিদেশি ২৬টি ব্যাংকের সম্পৃক্ততাও পেয়েছে দুদক। এর মধ্যে জনতা ব্যাংকের ৩০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুদক।