
ময়মনসিংহের তারাকান্দা-ধোবাউড়া সড়ক খানাখন্দে ভরা। সড়কটির ২১ কিলোমিটার বেহাল হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে। জানতে চাইলে এলজিইডি ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ছোহরাব আলী বলেন, তৃতীয়বারের দরপত্র থেকে একটি প্রতিষ্ঠানকে নির্বাচন করার কাজ প্রায় চূড়ান্ত করা হয়েছে। ৪ কোটি ১৮ লাখ টাকায় সড়কটি নতুন করে নির্মাণ করা হবে। পাঁচ বছর পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকবে। সড়কের ক্ষতি হলে তারা নিজেদের দায়িত্বে তা সংস্কার করে দেবে।
১৬ নভেম্বর সরেজমিনে দেখা যায়, তারাকান্দা উপজেলা সদর বাসস্ট্যান্ড থেকে ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারের আগ পর্যন্ত সড়কের ২১ কিলোমিটারের দশা বেহাল। তারাকান্দা উপজেলার নতুন বাজার, ভূষাগঞ্জ বাজার, হরিয়াগাই, কেন্দুয়া; ফুলপুর উপজেলার বওলা বাজার এলাকাসহ ২১ কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশজুড়েই গভীর গর্ত। ওই সব জায়গা দিয়ে ঝুঁকি নিয়ে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলছে।
দুজন বাসচালক বলেন, সড়কের গর্তে ভরা জায়গা অতিক্রম করার সময় যাত্রীবাহী বাসগুলো হেলে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা বাস বা ট্রাককে জায়গা দেওয়াটা তাঁদের জন্য কঠিন হয়ে যায়। তাঁরা এই সড়কে বাস চালাতে চান না। কিন্তু মালিকদের চাপে চালাতে বাধ্য হচ্ছেন। বাসচালক শামছুল হক বলেন, সপ্তাহে একাধিক বাস গর্তে পড়ে গিয়ে নষ্ট হওয়ার ঘটনা ঘটে। যে পথ ৩০ মিনিটে যাওয়ার কথা, সেই পথ যেতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা।
সড়কে চলাচল করেন—এমন ছয়জন যাত্রী বলেন, ভাঙা সড়কের কারণে ইজিবাইক ও রিকশা ছেড়ে এখন তাঁরা বাসের ওপর নির্ভর করেন। মো. হাবিবুর রহমান নামের এক ব্যক্তি বলেন, ‘এই সড়ক দিয়ে যাতায়াত করা মানে প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নেওয়া। তারপরও প্রয়োজনের তাগিদে চলতে হয়।’
রাতের বেলা সড়কটি অধিক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সরেজমিনে আরও দেখা যায়, চলাচলকারী বেশির ভাগ বাস পুরোনো। এগুলোর হেডলাইটের আলো কম। একই অবস্থা সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রেও।
এলজিইডির ময়মনসিংহ কার্যালয়ের কর্মকর্তারা বলেন, ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারের আগ পর্যন্ত সড়কটি এক বছর ধরে বেহাল। এ বছর বর্ষা মৌসুমে পিচ আর খোয়া ধুয়ে গেলে সড়কটি আরও খারাপ হয়ে যায়। সড়কটি নতুন করে নির্মাণের জন্য এই বছরের মার্চ মাস থেকে শুরু করে চলতি মাসের মধ্যে তিনবার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু প্রথম দুবার ১৫ থেকে ৩৫ শতাংশ বেশি দর প্রস্তাব করায় সেগুলো বাতিল করা হয়। তবে তৃতীয়বার একটি দরপত্র গ্রহণ করা হয়েছে।