২১ কিলোমিটারের অবস্থা বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের রংপুর জেলা শহর থেকে কাউনিয়ার তিস্তা সড়ক সেতুর দক্ষিণ প্রান্ত পর্যন্ত ২১ কিলোমিটারের অবস্থা বেহাল। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। এতে দুর্ভোগে পড়েছেন যাতায়াতকারীরা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, মহাসড়কটির দৈর্ঘ্য ৪৬ কিলোমিটার। দেড় বছর ধরে এটির বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। সওজের কর্মকর্তাদের দাবি, সড়কের ধারণক্ষমতার চেয়ে বেশি ওজনের যান চলাচল করায় বারবার গর্ত সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, রংপুরের কাউনিয়া উপজেলার বুড়ালের ব্রিজ, মীরবাগবাজার, ভেলুপাড়া, হলদিবাড়ী রেলগেট, উপজেলা বাসস্ট্যান্ড, রসিকের সাতমাথা, পীরগাছার কলাবাড়ী, নব্দিগঞ্জবাজারসহ বিভিন্ন স্থানে ছোট-বড় অর্ধশতাধিক গর্ত হয়েছে। এ ছাড়া মহাসড়কের দুই ধারের বেশ কিছু অংশ দেবে গেছে। বৃষ্টিতে সড়কের অনেক জায়গার দুই পাশের মাটিও সরে গেছে। এতে সড়কটি ভেঙে সরু হয়ে পড়েছে।
মীরবাগ বাজারের ব্যবসায়ী সুফিয়ান বলেন, পাঁচ-সাত দিন আগে মহাসড়কে বাজারের গতিরোধকের পাশে ভুট্টাবোঝাই একটি ট্রাক গর্তে আটকা পড়ে। পরে একটি ট্রাক্টরের সাহায্যে ট্রাকটি টেনে তোলা হয়।
ওই বাজারের ব্যবসায়ী আকমল বলেন, দেড় বছর আগে বাজারের পাশে মহাসড়কে দুটি গর্তের সৃষ্টি হয়। তখন সওজ বিভাগের লোকজন কোনোরকমে গর্তটি ভরাট করে। কিন্তু পরে আবার গর্ত সৃষ্টি হয়ে প্রায় প্রতিদিনই পণ্যবাহী ট্রাক ও মিনি ট্রাক সেখানে আটকা পড়ছে।
কলাবাড়ী এলাকার শহিদ মিয়া, আফজাল হোসেন ও সুরুজ মিয়া বলেন, পাঁচ মাস আগে মহাসড়কের প্রায় ৫০ ফুট ভেঙে বড় গর্ত সৃষ্টি হয়। সওজের লোকজন খোয়া আর বালু দিয়ে তা মেরামত করেন। কিন্তু কয়েক দিন না যেতেই আবারও সেখানে গর্ত সৃষ্টি হয়। এর ওপর দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ঢাকাগামী মুরাদ পরিবহনের চালক আফসার আলী বলেন, রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অন্য মহাসড়কের তুলনায় সরু। এর পরেও অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি চালক ও যাত্রীদের জন্য মহা আতঙ্কের।
ঈদের ছুটি কাটানোর পর ঢাকায় কর্মস্থলে ফেরা কুড়িগ্রামের আফজাল হোসেন বলেন, সড়কের অবস্থা খুব খারাপ। ঝাঁকুনিতে গাড়িতে বসে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
সওজের রংপুর উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, মহাসড়কটি ১৫ টন ওজনের যানবাহন চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়েছে। কিন্তু এর ওপর দিয়ে প্রতিনিয়ত ৪০ টনেরও বেশি ওজনের অসংখ্য যান চলাচল করে। এ কারণে যত সংস্কার করা হোক না কেন, কিছুদিনের মধ্যেই আবার খানাখন্দের সৃষ্টি হয়।
সওজ রংপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, রংপুরের অধীনে ওই মহাসড়কের ২১ কিলোমিটারের মধ্যে অন্তত ৫ দশমিক ৮ কিলোমিটার সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। কার্যাদেশ পেলে দ্রুত সংস্কারকাজ শুরু হবে।