লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ৮১টি কেন্দ্রের মধ্যে স্থগিত ২১টি কেন্দ্রের ভোট ১৬ জানুয়ারি গ্রহণ করা হবে। ব্যালট পেপার, বাক্স ছিনতাই, অগ্নিসংযোগসহ ব্যাপক নাশকতার কারণে ৫ জানুয়ারি ওই ২১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রগুলো হলো: জয়পুরা, রাঘবপুর, কাওয়ালীডাঙ্গা, নিচহরা, নোয়াগাঁও ১, নোয়াগাঁও ২, নারায়ণপুর, নয়নপুর, শ্রীরামপুর, রসুলপুর, দরবেশপুর, বদরপুর, নাগমুদ, মাছিমপুর, নুনিয়াপাড়া, কালিকাপুর, সোন্দড়া, উত্তর হরিশ্চর, পানিয়ালা, হোসনাবাদ ও কাশিমনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
ওই সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে গত সোমবার রামগঞ্জ থানায় চারটি মামলা করেছে। ভোটকেন্দ্র থেকে পুলিশের অস্ত্র ছিনতাই, ব্যালট পেপার ও বাক্স পুড়িয়ে দেওয়া ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মারধরের ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়। এই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আওয়াল ও জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।