পটুয়াখালী-আমতলী-কলাপাড়ার ৪৮ কিলোমিটার সড়ক সংস্কারের ২১ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে রাস্তাটির সংস্কারকাজ চলছে। এ অবস্থায় বেশ কিছু স্থানে পিচ ঢালাই (বিটুমিনাস কার্পেটিং) উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।প্রবল বর্ষণের মধ্যে তড়িঘড়ি করে যেনতেনভাবে কাজ করানোয় কাজের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। বেশি ভাঙাচোরা অংশগুলো এই মেরামত প্রকল্পের আওতায় না আনায় ভাঙাচোরা অংশে প্রায়ই যানবাহন আটকে পুরো রাস্তায় যান চলাচল ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকে। এতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।জানা গেছে, ৪৮ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শেষ হয় ২০০৬ সালের জুনে। অভিযোগ রয়েছে, নিম্নমানের কাজ হওয়ায় বছর ঘুরতে না-ঘুরতেই রাস্তার পিচ উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়। এরপর দীর্ঘদিনেও তা সংস্কারের উদ্যোগ না নেওয়ায় রাস্তাটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে।সড়ক ও জনপথ (সওজ), পটুয়াখালী কার্যালয়ের কর্মকর্তারা জানান, গত বছরের এপ্রিলে সড়ক মেরামতের জন্য সওজ অধিদপ্তর দরপত্র আহ্বান করে। ২১ কোটি ৫০ হাজার টাকা ব্যয়ে দুটি গুচ্ছে এই সংস্কার প্রকল্পে পটুয়াখালী থেকে আমতলী উপজেলার খলিয়ান বাসস্ট্যান্ড পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়কের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড এবং খলিয়ান থেকে কলাপাড়া পর্যন্ত নয় কিলোমিটারের কাজ পায় ইসমাইল হোসেন নামে ঢাকার অপর একটি প্রতিষ্ঠান। গত বছরের অক্টোবর থেকে কাজ শুরু হয়, আগামী অক্টোবরের মধ্যে তা শেষ হওয়ার কথা।বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন প্রকৌশলী পরিচয় গোপন রাখার শর্তে প্রথম আলোকে জানান, বর্ষার মধ্যে পিচ ঢালাইয়ের কাজ করা হলে তা ভালোভাবে বন্ডিং (আঁকড়ে ধরা) হয় না। যে কারণে এর স্থায়িত্ব খুবই কম হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, খলিয়ান বাসস্ট্যান্ড থেকে কলাপাড়া পর্যন্ত রাস্তাটি ২৪ ফুট প্রস্থ হলেও সেখানে ১৮ ফুট রাস্তা সংস্কার করা হয়েছে। দেড় মাস আগে এ অংশের কাজ শেষ হলেও কাজের মান খারাপ হওয়ায় কলঙ্ক, রামরা, চারঘাট, রজপাড়া এলাকার পাঁচ-সাতটি স্থানের পিচ উঠে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইসমাইল হোসেনের প্রকল্প ব্যবস্থাপক জাহিদ হোসেন অবশ্য অনিয়মের কথা অস্বীকার করে বলেন, ‘আমরা যথাযথভাবে কাজ সম্পন্ন করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা বুঝে নিয়েছে। কোনো স্থানে পিচ উঠে গেলে তা মেরামত করে দেব।’কলাপাড়া-পটুয়াখালী পথের বাসচালক নাসির উদ্দিন বলেন, ‘ভাঙা রাস্তা ও গর্তের কারণে ঝুঁকির মধ্যে বাস চালাচ্ছি। গত আট মাসে এ রাস্তায় সাতটি বাস দুর্ঘটনায় পড়েছে।’ জনবহুল এলাকা সংস্কারের আওতায় না আনা প্রসঙ্গে পটুয়াখালী সওজের কর্মকর্তারা বলেন, ওই সব এলাকার রাস্তার অংশ পেভমেন্ট (খুঁড়ে প্রথম থেকে করা) করে নির্মাণ করতে হবে। কিন্তু এর অনুকূলে বরাদ্দ না থাকায় ওই সব অংশ এখন মেরামত করা যাচ্ছে না।যোগাযোগ করা হলে প্রজেক্ট বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক বাপ্পী সমাদ্দার বলেন, ‘আমরা গুণগত মান বজায় রেখেই কাজ করাচ্ছি। অন্য পাশে যারা কাজ করছে, তাদের কাজের মান দেখে বিচার করুন। কিছু স্থানে টমটম ও টেম্পোর ডিজেল পড়ে পিচ উঠে গেছে। সেসব স্থান আমরা সংস্কার করে দেব।’পটুয়াখালী সওজ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শওকত হোসেন বলেন, ‘আমার জানামতে কাজের মান খারাপ হয়নি। হয়তো অতিবর্ষণের কারণে কিছু স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সেসব গর্ত আবার সংস্কার করা হবে।’ বৃষ্টির মধ্যে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘হাতে সময় নেই বলে এটা করতে হচ্ছে।’