২১ গুণী নারীকে বিপিডব্লিউর সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফেডারেশন অব বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেনের ৩৭ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি গতকাল রাজধানীর জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে ২১ জন গুণী নারীকে সম্মাননা দেয়। ছবিতে সম্মাননাপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা l প্রথম আলো
বাংলাদেশ ফেডারেশন অব বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেনের ৩৭ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি গতকাল রাজধানীর জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে ২১ জন গুণী নারীকে সম্মাননা দেয়। ছবিতে সম্মাননাপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা l প্রথম আলো

সচিব, উপাচার্য, চার্টার্ড অ্যাকাউনট্যান্ট, সাংবাদিক, পুলিশ, ব্যাংকার, বৈমানিকসহ বিভিন্ন পেশায় যাঁরা প্রথম যুক্ত হয়েছেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন অথবা জামদানি শাড়ির কারিগরসহ যাঁদের অবদান একটু বেশি—এমন ২১ জন নারীকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ফেডারেশন অব বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেন (বিপিডব্লিউ)।
গতকাল শুক্রবার রাজধানীর বেইলি রোডের জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। বিপিডব্লিউর ৩৭ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিপিডব্লিউ নারী সাংবাদিকতার পথিকৃৎ বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে আজীবন সম্মাননা জানায়। নূরজাহান বেগমের পক্ষে তাঁর মেয়ে ফ্লোরা নাসরীন খান সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা পাওয়া আরও কয়েকজন উপস্থিত হতে পারেননি। উপস্থিত সম্মাননাপ্রাপ্ত নারীদের উত্তরীয় পরিয়ে দেন বিপিডব্লিউ বাংলাদেশের প্রেসিডেন্ট মালেকা খান। অন্য অতিথিরা তাঁদের হাতে তুলে দেন ক্রেস্ট। ফাঁকে ফাঁকে চলে অনন্য এসব নারীর জীবনের গল্প বলা।
তরুণ বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক পূর্বসূরি নারীদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমাদের আগে যাঁরা এই পথে হাঁটতে গিয়ে ক্ষতবিক্ষত হয়েছেন, ওই পথেই এখন আমরা টেক অফ করছি।’
সম্মাননা পেয়েছেন জামদানি শাড়ির কারিগর আনোয়ারা খাতুন। তাঁর বাপ-দাদা সব সময় বলে এসেছেন ‘ধ্যানের’ কাজ হচ্ছে শাড়ি বোনা। নারীরা এ কাজ পারবে না। তবে আনোয়ারা বাবার কাজ দেখে কাজটি শিখে ফেলেছেন।
মুক্তিযোদ্ধা আফিয়া খাতুন খঞ্জনী সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেও গেজেটে নাম লেখাতে পারছেন না বলে জানালেন বিপিডব্লিউর ভাইস প্রেসিডেন্ট পারভীন মাহমুদ। পারভীন মাহমুদের মা প্রয়াত শামসুন্নাহার রহমান পরাণ গোয়ালঘর থেকে খঞ্জনীকে উদ্ধার করেছিলেন।
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার ক্রিস্টিনি ই কিমস নারীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়টিতে গুরুত্ব দেন।
সম্মাননা পাওয়া অন্যরা: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খালেদা একরাম, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মুশফেকা ইকফাৎ, মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য বিভাগের সচিব কানিজ ফাতেমা, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আখতারী মমতাজ, চার্টার্ড অ্যাকাউনট্যান্ট সুরাইয়া জান্নাত, ডিআইজি মিলি বিশ্বাস, দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক স্মৃতি সাহা, কুমুদিনী নার্সিং কলেজের অধ্যক্ষ রীনা ক্রুজ, জাগরণী জুট ক্রাফটস সেন্টারের পরিচালক সিস্টার লিলিয়ান।