২১ গুণী নারীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মহিলা সংস্থার ৩৭ বছর পূর্তিতে আজ শুক্রবার রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে বরেণ্য নারীদের সম্মাননা জানায় বাংলাদেশ ফেডারেশন অব বিজনেস অ্যান্ড প্রোফেশনাল উইমেন। ছবি: সাবিনা ইয়াসমিন
জাতীয় মহিলা সংস্থার ৩৭ বছর পূর্তিতে আজ শুক্রবার রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে বরেণ্য নারীদের সম্মাননা জানায় বাংলাদেশ ফেডারেশন অব বিজনেস অ্যান্ড প্রোফেশনাল উইমেন। ছবি: সাবিনা ইয়াসমিন

কেউবা শিক্ষায়, কেউবা পেশাগত বিষয়ে সাফল্যের শীর্ষে। কেউবা মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য কীর্তিমতী। কারও বা আবার সুখ্যাতি রয়েছে অনন্য শৈল্পিক কাজের জন্য। এমন ২১ জন গুণী নারীকে আজ শুক্রবার সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ফেডারেশন অব বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেন (বিপিডব্লিউ)।
এসব নারীর মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা, সচিব, উপাচার্য, চার্টার্ড অ্যাকাউনট্যান্ট, সাংবাদিক, পুলিশ, ব্যাংকার, বৈমানিক ও জামদানি শাড়ির কারিগর।
আজ শুক্রবার বিপিডব্লিউর ৩৭ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বেইলি রোডের জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে গুণী নারীদের সমাবেশ ঘটে। আন্তর্জাতিক ফেডারেশন অব বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেনের এই সদস্য সংগঠনটির পক্ষ থেকে নারী সাংবাদিকতার পথিকৃৎ ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। অসুস্থ থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাঁর বড় মেয়ে ফ্লোরা নাসরীন খান সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা দেওয়া ২১ নারীর মধ্যে ব্যস্ততার কারণে আরও বেশ কয়েকজন উপস্থিত হতে পারেননি। সম্মাননা পাওয়া নারীদের শাড়ির সঙ্গে মিলিয়ে পরম যত্নে উত্তরীয় পরিয়ে দিচ্ছিলেন বিপিডব্লিউ বাংলাদেশের প্রেসিডেন্ট মালেকা খান।
অনুষ্ঠানে অন্য অতিথিরা তাঁদের হাতে তুলে দেন ক্রেস্ট। ফাঁকে ফাঁকে চলে জীবনের গল্প বলা। অন্যদিকে তরুণ বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক এবং ফ্লায়িং অফিসার তামান্না-ই লুৎফী কৃতজ্ঞতা জানান তাঁদের পূর্বসূরি নারীদের। নাইমা হক বলেন, ‘আমাদের আগে যাঁরা যে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে ক্ষতবিক্ষত হয়েছেন, ওই পথেই এখন আমরা টেক-অফ করছি।’
সম্মাননা পেয়েছেন জামদানি শাড়ির কারিগর আনোয়ারা খাতুন। তিনি বলেন, ‘বাপ-দাদা সব সময় বলে আসছেন “ধ্যানের” কাজ হচ্ছে শাড়ি বোনা। তাই নারীরা এ কাজ পারবে না।’ তবে আনোয়ারা খাতুন বাবার কাজ দেখে দেখে কাজটি শিখে ফেলেছেন। এখন তিন ছেলে ও দুই মেয়েকেও কাজটি শিখিয়েছেন।
মুক্তিযোদ্ধা রাজিয়া বেগম বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। গেজেট হইছে। ভাতা পাই।’
সম্মাননা পাওয়া আরেক মুক্তিযোদ্ধা আফিয়া খাতুন খঞ্জনী সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেয়েছেন, কিন্তু বিভিন্ন জায়গায় ‘ধরনা’ দিয়েও গেজেটে নাম লেখাতে পারছেন না বলে জানান বিপিডব্লিউর ভাইস প্রেসিডেন্ট পারভীন মাহমুদ। তাঁর মা প্রয়াত শামসুন্নাহার রহমান পরাণ খঞ্জনীকে গোয়ালঘর থেকে উদ্ধার করেছিলেন।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার ক্রিস্টিনি ই কিমস এগিয়ে যাওয়া নারীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে কাজ করতে হবে।
বিভিন্ন পেশার অন্য যাঁরা সম্মাননা পেলেন: বাংলাদেশ ব্যাংকের উপগভর্নর নাজনীন সুলতানা, জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য খালেদা একরাম, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মুশফেকা ইকফাৎ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য বিভাগের সচিব কানিজ ফাতেমা, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আখতারী মমতাজ, চার্টার্ড অ্যাকাউনট্যান্ট সুরাইয়া জান্নাত, ডিআইজি মিলি বিশ্বাস, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক স্মৃতি সাহা, কুমুদিনী নার্সিং কলেজের অধ্যক্ষ রীনা ক্রুজ, জাগরণী জুট ক্রাফটস সেন্টারের পরিচালক সিস্টার লিলিয়ান।