২১ গুণীজনকে সম্মাননা
রাজশাহীতে নন্দন সাহিত্য একাডেমি ও চেতনা সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত শুক্রবার রাতে নগরের চণ্ডীপুর এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও গবেষক তসিকুল ইসলাম। অনুষ্ঠানে নন্দন সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ সাইদুর রহমান এবং চেতনা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আবুল হোসেন শুভেচ্ছা বক্তব্য দেন।
অমর একুশে উপলক্ষে অনুষ্ঠানে শিল্প, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সংগীত, চিকিৎসা, সমাজসেবা ও জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য ২১ গুণী ব্যক্তিকে আন্তর্জাতিক মাতৃভাষার সম্মাননা প্রদান করা হয়।
পদক পাওয়া ব্যক্তিদের মধ্য থেকে বক্তব্য দেন ভাষাসৈনিক আবুল হোসেন, মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক, মুক্তিযোদ্ধা বদিউজ্জামান ও নূর হামিম রিজভী, ডিআইজি প্রিজন বজলুর রশিদ প্রমুখ।