লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা নদীর পূর্ব তীরের ২৬ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ না থাকায় ২১টি গ্রাম প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। এ ছাড়া কমলনগরের পশ্চিম ফলকন এবং রামগতি উপজেলার প্রায় ৫০ বর্গকিলোমিটার বিস্তৃত দুর্গম ও বিচ্ছিন্ন দুটি দ্বীপচরের (চর গজারিয়া ও তেলির চরে) প্রায় ২০ হাজার মানুষ অস্বাভাবিক জোয়ারে পানিবন্দী হয়ে থাকছেন। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর প্রতি মাসেই অমাবস্যা ও পূর্ণিমার আগে-পরে এক সপ্তাহ (কমপক্ষে ১৫ দিন) এ অবস্থার সৃষ্টি হচ্ছে। এ কারণে ওই সব এলাকায় অভ্যন্তরীণ যোগাযোগের পথঘাট, ফসল এবং মাছ চাষের ক্ষতি হচ্ছে। বসতবাড়িতে পানি প্রবেশ করায় জনজীবনে দুর্ভোগ দেখা দিচ্ছে।কমলনগর উপজেলার ডিএস ফলকন ও পশ্চিম ফলকন এলাকার মো. মোস্তফা বাবুর্চি, জাহাঙ্গীর আলম, আবুল কালাম ও কামাল হোসেন গত রোববার জানান, বৃহস্পতিবার থেকে তাঁরা জোয়ারের পানিতে বন্দী হয়ে আছেন। বাড়ির উঠান-আঙিনা ও বসতঘর পানিতে ডুবে আছে। প্রতি অমাবস্যা ও পূর্ণিমার কটালে (সময়) ১০-১৫ দিন তাঁদের এ অবস্থার মধ্যে থাকতে হয়।লুধুয়া ফলকন এলাকার শাহে আলম, আবুয়াল হোসেন ও মাইনউদ্দিন জানান, পথঘাট ডুবে নষ্ট হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনেও বাড়ি থেকে বের হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রামগতি উপজেলার পূর্ব আলেকজান্ডার গ্রামের দিনমজুর মো. হেলাল উদ্দিন কয়েক মাস আগে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন। মেঘনার ভাঙনের মুখে তাঁর বসতঘর। তিন দিন ধরে অস্বাভাবিক জোয়ারে তাঁর বসতঘর প্লাবিত হচ্ছে। প্রতিদিন প্রায় ১০ ঘণ্টা পরিবার-পরিজন নিয়ে তাঁকে পানিবন্দী থাকতে হচ্ছে।কমলনগরের চর কালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছাইফুল্লাহ, সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল খায়ের, পাটোয়ারীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদ বিল্লাহ বলেন, সাত-আট বছর ধরে তাঁদের এলাকার বেড়িবাঁধ ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ড কোনো কাজই করছে না। অথচ বেড়িবাঁধ না থাকার কারণে ঝড়-জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সহায়সম্পদ।রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম হাসান আল আমিন বলেন, বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে কয়েক দফা চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। একই বিষয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায়ও নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করা হয় বলেও তিনি জানান।লক্ষ্মীপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন বেগ বলেন, পুরো রামগতি ও কমলনগর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের ৫৯/২ পোল্ডারের আওতায় রয়েছে। এ পোল্ডারের পশ্চিম তীরে প্রায় ৪৭ কিলোমিটার এলাকা মেঘনার ভাঙনকবলিত। সিডর, আইলাসহ প্রতিবছর বর্ষা মৌসুমে অস্বাভাবিক জোয়ারের আঘাতে ওই এলাকার প্রায় ২৬ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।