>

* দুই দিনে মোট ২৩ লাশ উদ্ধার
*নিখোঁজ ২, অভিযান সমাপ্ত
বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলার ঐশী প্লাসকে ২১ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় নৌযানটির ভেতরে ছিল চার শিশুর লাশ। পরে রাতে নদী থেকে নারী-শিশুসহ আরও ছয়জনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ২৩। এখনো নিখোঁজ রয়েছেন দুজন।
সকাল সাড়ে আটটার দিকে উদ্ধার করা ট্রলারটি থেকে যে চার শিশুর লাশ উদ্ধার করা হয়, তারা হলো বানারীপাড়ার সৈয়দকাঠি গ্রামের মো. সাফোয়ান (৩), জিরাকাঠির মো. রিয়াদ (৬), মসাংয়ের মো. রাব্বি (৫) ও স্বরূপকাঠির নেছারাবাদের মাইশা (দেড় বছর)। রাতে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যা নদীর বিভিন্ন স্থান থেকে রাত সাড়ে আটটার দিকে শিশু, নারীসহ আরও ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি। সরকারি হিসাবে এখনো দুজন নিখোঁজ রয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ট্রলার উদ্ধারের পরও নদীর পাড়ে অপেক্ষা করছিলেন উদ্বিগ্ন স্বজনেরা। সকাল সাড়ে নয়টার দিকে উদ্ধার অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অবশ্য নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে আরও কিছু সময় নদীতে অভিযান চালানোর কথা জানায় প্রশাসন।
গত বুধবার বেলা ১১টার দিকে ট্রলারটি বানারীপাড়া থেকে যাত্রী নিয়ে উজিরপুর উপজেলার হাড়তার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে যাত্রী নামাতে সৈয়দকাঠি ইউনিয়নের দাসেরহাট ঘাটে যাওয়ার পথে নদীর পাড় ভেঙে তীরের কাছাকাছি ডুবে যায় ট্রলারটি। কয়েকজন সাঁতরে তীরে ওঠেন। অন্যদের মধ্যে বুধবার ১৩ জনের লাশ উদ্ধার করে উদ্ধারকারী দল।
বুধবার বিকেলে ১০০ মিটার পানির গভীরে তলিয়ে থাকা নৌযানটির সন্ধান পান দুই জেলে। পরে দড়ি দিয়ে সেটা বেঁধে ফেললেও প্রবল স্রোতের কারণে উদ্ধার করা যায়নি। রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। গতকাল ভোর ছয়টায় আবার অভিযান শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ দল।
বিআইডব্লিউটিএর উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, নদীতে যাত্রী নিয়ে চলাচলের জন্য কোনো নিবন্ধন ডুবে যাওয়া ট্রলারটির ছিল না। ট্রলারটি অবৈধভাবে যাত্রী পরিবহন করছিল।
সকাল ছয়টায় দেখা যায়, বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ ঘটনাস্থলে অবস্থান করছে। নৌবাহিনী, ফায়ার সার্ভিসসহ প্রশাসনের কয়েকটি নৌযানও ছিল। দাসেরহাট এলাকায় নিখোঁজ যাত্রীদের স্বজনদের পাশাপাশি ছিল উৎসুক মানুষের ভিড়। উদ্ধার অভিযান দীর্ঘায়িত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। সাতটার দিকে কিছু বিক্ষুব্ধ লোক লাঠিসোঁটা নিয়ে বিআইডব্লিউটিএর কর্মী ও উদ্ধারকারীদের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে তাঁরা শান্ত হন। প্রস্তুতি শেষে যৌথ উদ্ধারকাজ শুরু হয়।
সোয়া সাতটার দিকে ট্রলারটির সঙ্গে মোটা দড়ি বাঁধে নৌবাহিনীর ডুবুরি দল। পরে সেটাকে টেনে তোলে উদ্ধারকারী জাহাজ নির্ভীক। সাড়ে আটটার মধ্যে ট্রলারটি পুরোপুরি ওপরে ওঠানো সম্ভব হয়। এ সময় ট্রলারের ভেতর থেকে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা চার শিশুর লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তখন ওই শিশুদের স্বজনেরা আহাজারি করতে থাকেন। তাঁদের এবং নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ বরিশালের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘উদ্ধারকারী জাহাজ বুধবার বিকেলে বরিশাল নৌবন্দর থেকে যাত্রা করে। ঝালকাঠির গাবখান চ্যানেলে পানি কম থাকায় রাত পৌনে চারটায় ঘটনাস্থলে পৌঁছায় সেটি। তাই উদ্ধারকাজ শুরু করতে দেরি হয়েছে।’
গতকাল সকাল সাড়ে নয়টায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। তবে বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, নৌযানটি উদ্ধার হওয়ায় অভিযান শেষ হলেও নিখোঁজ যাত্রীদের সন্ধানে নদীতে আরও কিছু সময় অভিযান চালাবে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।
প্রকাশিত সংবাদের অংশবিশেষের প্রতিবাদ: গতকাল প্রথম আলোয় ‘সন্ধ্যার পাড় ভেঙে ডুবল লঞ্চ’ শিরোনামে প্রকাশিত সংবাদের অংশবিশেষের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থা। সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, প্রতিবেদনে অবৈধভাবে পরিচালিত এমবি ঐশী নামের একটি ট্রলারকে এমএল ঐশী নামের লঞ্চ উল্লেখ করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌ চ্যানেলগুলোতে অবৈধ নৌযানে যাত্রী পরিবহন না করার জন্য এই সংস্থা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছে। এরপরও এ ধরনের নৌযান চলাচল করছে।