২১ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ট্রলারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ডুবে যাওয়া ইঞ্জিনচালিত যাত্রীবাহী ট্রলারটির অবস্থান ২১ ঘণ্টায়ও শনাক্ত হয়নি। এ ঘটনায় নিখোঁজ যাত্রীদেরও উদ্ধার করা যায়নি। 

গতকাল বুধবার বিকেল তিনটার দিকে মেঘনা নদীর ভৈরব বাজার ঘাটের কাছে ট্রলারটি ডুবে যায়। প্রশাসনের হিসাবমতে, এ ঘটনায় চারজন যাত্রী নিখোঁজ রয়েছেন।

আজ দুপুর ১২টার পর ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, নদীতে রশি ফেলে ট্রলারটির অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। তবে নদীতে স্রোতের গতি বেড়ে যাওয়ায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল রাত নয়টা থেকে নৌবাহিনীর সাত সদস্যের একটি ডুবুরি দল ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেয়।

তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাত ১১টার পর উদ্ধার তত্পরতা সাময়িক বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে উদ্ধার তত্পরতা ফের শুরু হয়।

ভৈরব বাজার ঘাট থেকে ৩০-৪০ জন যাত্রী ও মালামাল নিয়ে ট্রলারটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বরাইলের উদ্দেশে রওনা দেয়। ঘাটের কাছেই ট্রলারটি ডুবে যায়। এ সময় অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে নিখোঁজ থাকেন কয়েকজন।

এ ঘটনায় ট্রলারের দুই চালককে আটক করেছে পুলিশ।