বগুড়ার সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন চিকিৎসকের জায়গায় কর্মরত আছেন মাত্র দুজন। তাঁদের একজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ব্যস্ত থাকতে হয় প্রশাসনিক কাজে। ফলে সাধারণ মানুষ সরকারি এই হাসপাতালে কোনো স্বাস্থ্যসেবাই পাচ্ছে না।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে ১৯৯৮ সালে। ২০০০ সালে অস্ত্রোপচার কক্ষ স্থাপন করা হলেও এখন পর্যন্ত কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে যন্ত্রপাতিগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে। সূত্র জানায়, ৫০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী গত এক যুগে চিকিৎসক তো নিয়োগ দেওয়া হয়ইনি, বরং আগের ৩১ শয্যার নয়জন চিকিৎসকের মধ্যে আটজনই নেই। ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে মাত্র একজন চিকিৎসক এনে কাজ করানো হচ্ছে। ৩১ শয্যার চিকিৎসকদের মধ্যে আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) পদটি পাঁচ বছর ধরে শূন্য। গত দেড় থেকে দুই মাসের ব্যবধানে পাঁচজন চিকিৎসা কর্মকর্তাকে এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করা হয়েছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিধান চন্দ্র মজুমদার। একমাত্র চিকিৎসা কর্মকর্তা জিনাত হাবিবা চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। ফুলবাড়ী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে একজন চিকিৎসককে প্রেষণে এনেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। গত সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ৬৭ জন। চন্দনবাইশা তালুকদারপাড়ার গৃহবধূ আরজিনা বেগম বুকে ব্যথা নিয়ে এসে চিকিৎসক না পেয়ে চলে যান। তিনি তাঁর স্বামীকে নিয়ে জেলা শহরে যাওয়ার সময় এই প্রতিবেদককে বলেন, ‘এত বড় হাসপাতালত ডাক্তার নাই।’ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিধান চন্দ্র মজুমদার চিকিৎসকসংকটের কথা নিশ্চিত করে বলেন, হাসপাতালের একজন ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে থেকে একজন চিকিৎসক এনে জোড়াতালি দিয়ে চিকিৎসা-কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসক না থাকায় দীর্ঘ ১২ বছর ধরে অস্ত্রোপচার কক্ষে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। দুজন চিকিৎসককে এখানে পদায়ন করা হলেও যোগদান করেননি। তিনি জানান, জনবলসংকটের কারণে পিয়ন দিয়ে নৈশপ্রহরীর কাজ করানো হচ্ছে। সুইপার পাঁচজনের জায়গায় আছেন তিনজন। নিরাপত্তা প্রহরীর তিনটি পদে একজনও নেই। বিষয়টি সিভিল সার্জন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বগুড়ার সিভিল সার্জন খলিলুর রহমান বলেন, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।