বরগুনার আমতলী উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ২১ জন চিকিৎসকের স্থলে এখানে মাত্র দুজন চিকিৎসক কর্মরত আছেন। ফলে এখানে আসা অনেক রোগী চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ২১ চিকিৎসক পদের বিপরীতে এখানে কাগজে-কলমে ছয়জন চিকিৎসক থাকলেও বাস্তবে কর্মরত আছেন দুজন। এই ছয়জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ মতিন, চিকিৎসা কর্মকর্তা তেংমং ১৫ দিন ধরে ছুটিতে আছেন। চিকিৎসা কর্মকর্তা আবদুল মুনায়েম সাদ প্রশিক্ষণের জন্য দুই মাস ধরে ঢাকায় আছেন। অপর চিকিৎসক জোহানুল ইসলাম বরগুনা জেনারেল হাসপাতালে প্রেষণে রয়েছেন। বর্তমানে চিকিৎসক ইসমত আরা ও তাপস চন্দ্র মণ্ডল রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা অনেক নারী ও শিশু চিকিৎসা নিতে এসে দাঁড়িয়ে আছেন। জরুরি বিভাগের চিকিৎসা সহকারী হারুন অর রশিদ রোগীদের চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসক ইসমত আরা ও তাপস কুমার মণ্ডল তাঁদের কক্ষে রোগী দেখছেন। কয়েক শ রোগী এই দুই চিকিৎসকের কক্ষের সামনে এসে ভিড় করছেন। চিকিৎসকদের অধিকাংশ কক্ষ তালাবদ্ধ। অনেক রোগী চিকিৎসক না পেয়ে ফিরে যাচ্ছেন।
কলাপাড়ার ধানখালী গ্রামের আবদুস সালাম নামের এক রোগীর স্বজন বলেন, তাঁর দুই মাসের শিশুর (আফরিন) চার দিন ধরে তীব্র জ্বর। চিকিৎসার জন্য এখানে এসেছেন। কিন্তু নির্দিষ্ট চিকিৎসক না থাকায় বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন।
আমতলীর বৈঠাকাটা গ্রামের গৃহবধূ তানিয়া আক্তার বলেন, ‘আমার আড়াই মাসের শিশুকে চিকিৎসক দেখাতে সকাল থেকে হাসপাতালে এসে বসে আছি। চার ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসক দেখাতে পারিনি। বাধ্য হয়ে চিকিৎসা না করিয়েই চলে যাচ্ছি।’ উপজেলার হলদিয়া গ্রামের জহিরুল ইসলাম বিশ্বাস বলেন, ‘সকালে ডাক্তার দেহাইতে আইছি, দুজন ডাক্তার আছে, হ্যাগো চেম্বারের সামনে এত্তো ভিড় যে বিয়াল (বিকেল) চাইরটায়ও সিরিয়াল পামু না। কী হরমু গরিব বইল্লা এইয়্যা মাইন্না নেতে অইবে।’ এ ছাড়া রোগী তারা ভানু, সালেহা বেগম, আসমা বেগম, নুর মোহাম্মদ, আমজেদ আলী, নার্গিস আক্তার ও মাহমুদা বেগমও চিকিৎসা নিতে এসে সকাল আটটা থেকে এখানে অপেক্ষা করছেন। কিন্তু রোগীর চাপ বেশি থাকায় তাঁরা দুপুর ১২টায়ও চিকিৎসক দেখাতে পারেননি।
চিকিৎসক তাপস চন্দ্র মণ্ডল বলেন, ‘হাসপাতালে দুজন চিকিৎসক থাকায় ২৪ ঘণ্টাই আমাদের হাসপাতালে থাকতে হয়। বহির্বিভাগে দৈনিক ৩০০-৪০০ রোগী ও অন্তর্বিভাগে আরও ৫০-৬০ রোগীকে প্রতিদিন চিকিৎসা দিতে হয়। এটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমত আরা বলেন, ‘এত বড় একটি স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র দুজন চিকিৎসক দিয়ে কীভাবে চলে সেটা টের পাচ্ছি। আমাদের সারা দিন এমনকি গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। বিষয়টি আমরা সিভিল সার্জনকে জানিয়েছি।’