প্রতিদিন ১৫০-২০০ জন রোগীর সেবা দিতে মাত্র ৩ জন চিকিৎসককে হিমশিম খেতে হয়
প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ভেঙে পড়েছে। জেলার সবচেয়ে বড় উপজেলা হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রোগীদের ভিড় লেগেই থাকে। ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু আছেন মাত্র ৩ জন। এ অবস্থায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এখানকার চিকিৎসাসেবা।
মান্দা উপজেলায় প্রায় সাড়ে চার লাখ বাসিন্দা ছাড়াও পার্শ্ববর্তী নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলার বিপুলসংখ্যক মানুষ মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। প্রতিদিন ১৫০–২০০ জন রোগী বহির্বিভাগের টিকিট কাটে। তারপর চিকিৎসকের অভাবে তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত অনেকে বিরক্ত হয়ে চিকিৎসা না নিয়েই বাড়ি ফেরে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা উপজেলার ছোট বেলালদহ গ্রামের সানোয়ারা বেগম, খুদিয়াডাঙ্গা গ্রামের ববিতা খানম, বিজয়পুর গ্রামের খবির উদ্দিন, প্রসাদপুর গ্রামের ইসমাইল হোসেন বলেন, চিকিৎসক না থাকায় টিকিট কেটে চিকিৎসকের চেম্বারের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন এক-দেড় ঘণ্টা ধরে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যার হাসপাতালটিতে চিকিৎসকের অনুমোদিত পদ ২১টি। কিন্তু বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩ জন। অর্থাৎ চিকিৎসকের ১৮ পদই শূন্য। এর মধ্যে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের (মেডিসিন, শিশু, গাইনি, সার্জারি, নাক-কান-গলা, অর্থোপেডিক, কার্ডিওলজি, অ্যানেসথেসিয়া, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ) পদই খালি রয়েছে। এ ছাড়া খালি রয়েছে ৮ জন চিকিৎসা কর্মকর্তার পদ।
২০১৫ সালের ২৫ মার্চ মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পর দেশে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে মান্দায় এ চিকিৎসাসেবা শুরু হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে। চিকিৎসা নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এখানে আসে নানা বয়সী রোগী। মাত্র কয়েক মাসের মধ্যেই চিকিৎসাসেবায় পাল্টে যায় উপজেলার চিত্র। কিন্তু চিকিৎসক–সংকটে ভাটা পড়ে যায় এই বৈকালিক সেবায়। এখন জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দিয়ে একই সঙ্গে চালিয়ে নেওয়া হচ্ছে দুই বিভাগের কাজ।
জানা গেছে, ২০১৬ সালে এ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে (সকাল) ৭০ হাজার ৯২ এবং বৈকালিক চিকিৎসাসেবায় ১০ হাজার ৪ জন রোগী সেবা নিয়েছে। চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত সকালে ৪ হাজার ১৩২ এবং বিকেলে ৫৭১ জন রোগী চিকিৎসা নিয়েছে।
এলাকাবাসী জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা না মেলায় উপজেলার মানুষ অতিরিক্ত টাকা খরচ করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। সেখানে অবেদনবিদ, শল্যবিদ ছাড়াই দেদার চলছে অস্ত্রোপচার। প্রসূতি কিংবা নবজাতক মারা যাওয়ার ঘটনাও ঘটছে।
স্বাস্থ্য কর্মকর্তা ফজলে রাব্বী বলেন, প্রতিদিন ১৫০-২০০ জন রোগীর সেবা দিতে মাত্র ৩ জন চিকিৎসককে হিমশিম খেতে হয়। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের পদগুলো দীর্ঘদিন ধরে খালি থাকায় রোগীরা মানসম্মত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের বাস্তবতায় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত একজন করে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও শল্যচিকিৎসক থাকা প্রয়োজন। অথচ এই স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর ধরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নেই। আর শল্যচিকিৎসকের পদ খালি রয়েছে তিন বছর ধরে।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ভাস্কর চন্দ্র মণ্ডল বলেন, প্রায় সাড়ে চার লাখ মানুষ অধ্যুষিত এ এলাকায় স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে কোনোভাবে চালানো হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। শুধু মান্দা নয়, পার্শ্ববর্তী উপজেলার রোগীরাও এখানে সেবা নিতে আসে। এলাকাবাসীর সুবিধার্থে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিনা পারিশ্রমিকে এখানকার চিকিৎসকেরা বহির্বিভাগে বৈকালিক চিকিৎসাসেবা দিচ্ছেন। অচিরেই প্রয়োজনীয় সংখ্যক পদায়ন করা না হলে বৈকালিক চিকিৎসাসেবা চালু রাখা সম্ভব হবে না।
যোগাযোগ করা হলে নওগাঁর ভারপ্রাপ্ত সিভিল সার্জন কাজী মিজানুর রহমান চিকিৎসক–সংকটের কথা স্বীকার করে বলেন, জেলার সদর হাসপাতালসহ প্রায় স্বাস্থ্য কমপ্লেক্সেই কমবেশি চিকিৎসক–সংকট রয়েছে। তবে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা সবচেয়ে প্রকট। অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।