বরগুনার আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৩৭ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ২১ জন জামানত হারিয়েছেন। এর মধ্যে বিএনপির পাঁচজন, আওয়ামী লীগের একজন, জাসদের একজন, ইসলামী আন্দোলনের তিনজন ও ১১ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গুলিশাখালী ইউপিতে সাতজন প্রার্থীর মধ্যে বিএনপির জসিম উদ্দিন, ইসলামী আন্দোলনের শফিউল আলম, স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক হাওলাদার, এনায়েত করিম, ও হারুন অর রশিদ জামানত হারিয়েছেন। আঠারোগাছিয়ায় পাঁচজনের মধ্যে জামানত হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ম. জহিরুল ইসলাম ও বিএনপির নজরুল ইসলাম। হলদিয়ায় চারজন প্রার্থীর মধ্যে বিএনপির মকবুল হোসেন খানের জামানত বাজেয়াপ্ত হয়েছে। চাওড়ায় নয়জনের মধ্যে জামানত হারিয়েছেন বিএনপির মোহাম্মদ মহিউদ্দিন, ইসলামী আন্দোলনের আবদুস সাত্তার, জাসদের মহিউদ্দিন হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী আলতাফ হাওলাদার, আহুরুজ্জামান খান, আবুল কাসেম গাজী ও মতিয়ার রহমান। আড়পাঙ্গাশিয়ায় নয়জন প্রার্থীর মধ্যে বিএনপির আবুল বাসার সিদ্দিক, আওয়ামী লীগের সুলতান আহম্মেদ, ইসলামী আন্দোলনের হাসান গাজী, স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান, হারুন-অর-রশিদ ও সোহেলী পারভিন জামানত হারিয়েছেন।