২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে পীরের আস্তানায় পাঁচজনকে হত্যা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। জয়পুরহাট জেলা ও দায়রা জজ শফিউর রহমান গতকাল মঙ্গলবার ২১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালত আগামী ১৯ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। মামলা ও আদালত সূত্রে জানা গেছে, কালাই উপজেলার বেগুন গ্রামে আবদুল গফুর চিশতির আস্তানায় ২০০৩ সালের ২০ জানুয়ারি রাতে পাঁচজন খাদেমকে গলা কেটে হত্যা করা হয়। আস্তানার সিন্দুক ভেঙে টাকা-পয়সা ও বৈদ্যুতিক ফ্যানসহ মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আস্তানার খাদেম আবদুল আজিজ খান বাদী হয়ে পরদিন কালাই থানায় মামলা করেন। মামলা দায়েরের পর বিভিন্ন সময়ে পুলিশ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যসহ ৪৫ জনকে এই মামলায় গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দিনাজপুর কার্যালয়ের পরিদর্শক জালাল উদ্দিন তদন্ত শেষে ২০০৮ সালের ১৮ নভেম্বর জেএমবির সদস্য ভাগ্নে শহিদ, সালাউদ্দিন, তারিক হোসেন, শফিকুল্লাহসহ ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ওই আস্তানায় ইসলামবিরোধী কর্মকাণ্ড হওয়ায় জেএমবির নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের নির্দেশে জেএমবির সদস্যরা ওই আস্তানায় গিয়ে খাদেম দুলাল হোসেন, শফির উদ্দিন, নূর উদ্দিন, আফাজ উদ্দিন ও মতিয়র রহমানকে হত্যা করে টাকা-পয়সা লুট করে নিয়ে যান। গতকাল অভিযোগ গঠনের সময় ২১ আসামির মধ্যে ১৬ জন আদালতে উপস্থিত ছিলেন। জঙ্গিনেতা সালাউদ্দিনকে জয়পুরহাট কারাগার থেকে আদালতে আনা হয়। আসামি ভাগ্নে শহিদ, রমজান আলী, তারিক হোসেন, শফিকুল্লাহ ও এমদাদ হোসেন পলাতক। জয়পুরহাটের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।