২১ জনের সাক্ষ্য নিয়েছে বিশেষজ্ঞ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সদস্যদের সাক্ষ্য নিয়ে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা গতকাল শনিবার ঢাকায় ফিরে গেছেন। কমিটি গত দুই দিনে ২১ জনের সাক্ষ্য সংগ্রহ করে। বিশেষজ্ঞ কমিটির সদস্য মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, শুক্রবার ২১ জন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সাক্ষ্য ও অন্যান্য নথিপত্রের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে আদালতে জমা দেওয়া হবে। শহীদ পরিবারের সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক ও সাবেক ডিন গাজী সালেহউদ্দিন প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশে অনেক দিন পর হলেও বিশেষজ্ঞ কমিটি পাহাড়তলী বধ্যভূমি পরিদর্শন করেছে। এটি দেশের অন্যতম বৃহত্তম বধ্যভূমি, যা অবহেলায় পড়েছিল। ওই জায়গায় অবকাঠামো তৈরি করা হয়। সরকার এখন জায়গাটিকে বধ্যভূমির মর্যাদা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ১৯৭১ সালে ১০ হাজার মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে হত্যা করে পাহাড়তলী বধ্যভূমিতে ফেলে দেওয়া হয়। পাকিস্তানি হানাদার বাহিনী তাঁদের দোসর রাজকার, আলশামস ও আলবদরদের নিয়ে এই নারকীয় হত্যাযজ্ঞ ঘটায়।