২১ জানুয়ারি থেকে সাগরদাঁড়িতে মধুমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে ২১ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে সাগরদাঁড়ির মধুমঞ্চের হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন পুলিশ সুপার জয়দেব ভদ্র, কেশবপুরের উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন প্রমূখ। জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর মেলায় কোনো প্রকার অশ্লীলতা চলবে না। এর ব্যতয় ঘটলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।মেলা উপলক্ষে মহাকবির নামে একটি ওয়েবসাইট খোলা হবে। এ ছাড়া যাত্রা, সার্কাস, নাগোরদোলাসহ গ্রামীণ পণ্যের স্টল বসবে। মধুমঞ্চে প্রতিদিন দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীরা উপস্থিত থাকবেন বলে সাভায় জানানো হয়।