২১ জেলায় নিহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় পাঁচ দিনে পুলিশ, নারী, শিশুসহ ৩৫ জন নিহত হয়েছে। গত রোববার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের ২১ জেলায় এসব দুর্ঘটনা ঘটে।
ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
দিনাজপুর-দশমাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বুধবার দুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় উল্টে পড়ে। এতে চারজন নিহত হন। নিহত যাত্রীরা হলেন মো. জামরুল ইসলাম (৩৫), মফিজুল ইসলাম (৫০), মো. সায়েম (৪) ও মোসাম্মৎ ফারজানা বেবী (৩৫)।
ঢাকার আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের মরাগাঙ এলাকায় ঈদের রাতে দুর্ঘটনায় দুই তরুণী নিহত ও ১৫ জন আহত হয়েছেন। দুই তরুণীর একজনের নাম শাহনাজ। তিনি পোশাকশ্রমিক ছিলেন। অন্যজনের পরিচয় জানা যায়নি।
চট্টগ্রামের দামপাড়া মোহাম্মদ আলী সড়কে একটি গাড়ির ধাক্কায় রিকশারোহী আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম জাহিন ফায়াজ হক (২১)। মঙ্গলবার রাতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মিনিবাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পলিনা নংমিন (৩০) ও চালকের সহকারী সমলাল চন্দ্র পাল (৪০)। বুধবার সকালে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর মদনাহাট পুরাতন টেম্পোস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোরের নলডাঙ্গা উপজেলায় গতকাল দুপুরে নসিমনের ধাক্কায় আলিফ হোসেন (৮) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার ব্রহ্মপুর গ্রামের আজিজুল হকের ছেলে। থানা সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির পাশে রাস্তায় খেলছিল। হঠাৎ একটি নসিমন এসে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরবাড়ী এলাকায় গতকাল একটি ব্যক্তিগত গাড়ি খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন রাজধানীর রায়েরবাজার এলাকার বাসিন্দা হোসাইন শহীদ সিদ্দিকী (৩৪) ও লালবাগ এলাকার বাসিন্দা আলী হোসেন (৩০)।
কুষ্টিয়ার মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা এলাকায় বাসের ধাক্কায় গোলাম মোস্তফা (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের তারাগঞ্জে মিনিবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাঁরা দুজন সিএনজিচালিত অটোরিকশায় বসে ছিলেন। গত সোমবার সকাল সাড়ে ১০টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের ঠাকুরটারি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতদের একজন প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়ার চাচাতো ভাই মোমিন ইসলাম। অপরজন হলেন ঠাকুরপাড়া গ্রামের বেলি রানী।
পাবনা সদর উপজেলার মজিদপুর নামক স্থানে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে সোমবার রাতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। তাঁদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সিরাজগঞ্জের চৌহালী থানা এলাকার শরীয়ত খান (৩০) ও পাবনা সদর উপজেলার জোতকলসা গ্রামের আব্দুর রহিম (২৭)।
বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার রাজাপুর এলাকায় দুর্ঘটনাস্থলে নিহত হন ঢাকাগামী বাসের যাত্রী দিনাজপুরের বীরগঞ্জ থানার চণ্ডীয়ারঘাট গ্রামের জয়েন উদ্দিন (৪৪)। মঙ্গলবার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় নিহত হন সিরাগঞ্জের বেলকুচি থানার মুকুন্দগাঁথী বাজার এলাকার সৈয়দ আলী (৪০)।
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। সোমবার ও বুধবার সকালে উল্লাপাড়া রেলস্টেশন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে বগুড়া-নগরবাড়ী ও ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহত কনস্টেবলের নাম মো. আবু মুসা (৩৫)। তিনি সিরাজগঞ্জ সদর থানার ওসির গাড়িচালক ছিলেন। অপরজন অজ্ঞাত (৩২)।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া এলাকার সোনামসজিদ মহাসড়কে বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফরহাদ হোসেন ওরফে শাহাদৎ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।
টাঙ্গাইলের গোপালপুরে বুধবার সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক এবং ঈদের দিন এক স্কুলছাত্র নিহত হয়েছে। ভ্যানচালকের নাম বাবুল (৪০)। তিনি বেলুয়া গ্রামের মৃত আছর আলীর ছেলে।
ঈদের দিন বিকেলে গোপালপুর উপজেলার নবগ্রাম এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নীল কমল চন্দ্র বর্মণ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে বাইশকাইল গ্রামের বাচ্চু বর্মণের ছেলে এবং নবগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত।
বরিশাল নগরের রুপাতলী কাঁঠালতলা এলাকায় বুধবার রাতে বাসচাপায় রিয়াজ তালুকদার (২০) নামের এক ইজিবাইকচালক এবং পিরোজপুরের কাউখালীর পাঙ্গাশিয়ায় মঙ্গলবার বিকেলে মো. রুবেল (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। উপজেলার শংকরপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে রুবেল স্থানীয় নীলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত। মঠবাড়িয়া উপজেলার মাঝেরপুরে বুধবার রাতে মাছবোঝাই ট্রাকের চাপায় দিলীপ বৈরাগী (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বগুড়ায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভটভটি উল্টে বুলবুলি বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নন্দীগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে সিয়াম নামে সাত বছরের এক শিশু। বুধ ও মঙ্গলবার এ দুটি দুর্ঘটনা ঘটে।
খুলনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আফসানা হাসান (১৭) নামের এক ছাত্রী নিহত হয়েছে। বুধবার বিকেলে ফুলতলা উপজেলার দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সে যশোরের অভয়নগরের রানাগাতী গ্রামের হাসান আলী শেখের মেয়ে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে মঙ্গলবার দুপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম (৪০) নামে নড়াইল জেলা পুলিশের এক এসআই নিহত হয়েছেন।
কুমিল্লার চান্দিনার নাওতলা এলাকায় বুধবার সন্ধ্যায় লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তারেক ইসলাম (২০) নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে এক দুর্ঘটনায় সদর দক্ষিণ উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এলাকায় বারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন নিহত হন।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া রাস্তার মাথা নামক স্থানে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর বিপণন মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়াসহ তাঁর পরিবারের নয় সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে জাকারিয়াসহ তিনজনের পা ভেঙে গেছে। বর্তমানে তাঁরা ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা ঢাকা থেকে মাইক্রোবাসে করে কক্সবাজারে যাচ্ছিলেন।