২১ জেলায় পরিবেশ অধিদপ্তর এপ্রিলেই কাজ শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিবেশ অধিদপ্তরকে সম্প্রসারণ করা হচ্ছে। বিভাগ থেকে জেলা পর্যায়ে পরিবেশ অধিদপ্তরের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এপ্রিল নাগাদ ছয়টি বিভাগের ২১টি জেলায় পরিবেশ অধিদপ্তর কাজ শুরু করবে, পাশাপাশি অধিদপ্তরের নাম পরিবর্তনের চিন্তাভাবনাও রয়েছে। নতুন প্রস্তাবিত নাম ‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তন অধিদপ্তর’। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এসব কার্যালয় হলে অধিদপ্তরের কাজের গতি বাড়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ আরও সহজ হবে। জানা গেছে, অধিদপ্তরের ছয়টি বিভাগীয় কার্যালয়ের অধীনে ২১টি জেলা কার্যালয় স্থাপনের প্রস্তাব গত জানুয়ারিতে সংস্থাপন মন্ত্রণালয় থেকে অনুমোদন পায়। এরপর অধিদপ্তরের নতুন কার্যালয় স্থাপনের তত্পরতা শুরু হয়। গত বুধবার চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে বিভাগের অধীনে ছয়টি জেলা কার্যালয়ের জন্য কার্যালয় ভাড়া নেওয়ার নির্দেশনা আসে। জেলা কার্যালয় স্থাপনের কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. আবদুস সোবাহান বলেন, ‘আপাতত আমরা ২১টি জেলায় ভাড়ায় কার্যালয় নেওয়া ও আসবাব কিনতে বিভাগীয় কার্যালয়গুলোকে নির্দেশ দিয়েছি। লোকবল নিয়োগের প্রক্রিয়াও চলছে। আশা করি, এপ্রিল থেকে জেলা পরিবেশ অধিদপ্তর কাজ শুরু করবে।’আবদুস সোবহান আরও বলেন, এসব কার্যালয় কাজ শুরু করলে বিভাগীয় কার্যালয়ের ওপর নির্ভরতা কমবে। পরিবেশ মনিটরিং কাজ সহজতর হবে। ৬৪টি জেলার পরিবেশ কার্যক্রম পর্যবেক্ষণে ছয়টি বিভাগীয় কার্যালয় যথেষ্ট নয়। তিনি জানান, অধিদপ্তরের নাম পরিবর্তনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে।অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন ২১টি জেলা কার্যালয়ের লোকবল-কাঠামোও ঠিক করা হয়েছে। এর মধ্যে কয়েকটি জেলায় ১৪ এবং অন্য কয়েকটি জেলায় ১২ জন করে কর্মকর্তা-কর্মচারী থাকবেন। প্রতিটি কার্যালয়ের শীর্ষ পদ জেলা পরিচালক। বর্তমানে অধিদপ্তরের মোট কর্মকর্তা-কর্মচারী ২৬৭ জন। ২১ জেলায় কার্যালয় অনুমোদনের পর অধিদপ্তরের মোট জনবল দাঁড়াচ্ছে ৭৩৫ জনে। চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা কার্যালয় নেওয়ার নির্দেশ পেয়েছি। আশা করি, কাজও দ্রুত শুরু করা হবে।’জানা গেছে, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম জেলায় কার্যালয় স্থাপন করা হবে। এ ছাড়া ঢাকা বিভাগের অধীনে ঢাকা, গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয় হবে।