২১ ট্রলারে লুটপাট, ১০ জেলে নিখোঁজ
কক্সবাজার উপকূলে বঙ্গোপসাগর থেকে গত তিন দিনে মাছ ধরার ২১টি ট্রলারে লুটপাট চালিয়েছে জলদস্যুরা। এদিকে ১০ জন জেলেসহ একটি ট্রলার নিখোঁজ রয়েছে। এর আগে ১৬টি ট্রলারসহ অপহূত ৬৭ জন জেলেকে এখনো উদ্ধার করা যায়নি।
জেলেরা জানান, গতকাল বুধবার ভোরে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে একটি ট্রলারের ১৫ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে দস্যুরা কয়েক লাখ টাকার মাছ ও জাল লুট করে নিয়ে যায়। ওই ট্রলারের জেলে নবী উল্লাহ বলেন, বন্দুক ও ধারালো অস্ত্র হাতে জলদস্যুরা হানা দেয়।
জেলেরা জানান, সোম ও মঙ্গলবার সোনাদিয়া, কুতুবদিয়া, টেকনাফ ও উখিয়া উপকূলে বঙ্গোপসাগরে বেশ কয়েকটি ট্রলারে জলদস্যুরা লুটপাট চালায়। এর মধ্যে মোহাম্মদ ছলিমের মালিকানাধীন একটি ট্রলার ১০ জন জেলেসহ নিখোঁজ রয়েছে। ওই ট্রলারের মাঝি আবদুস সাত্তার বলেন, ১৩ জনের একটি দস্যু দল তাঁদের জিম্মি করে। পরে তাঁকে সাগরে নিক্ষেপ করে ১০ জন জেলেসহ ট্রলারটি নিয়ে যায়। তিনি জানান, আরেকটি ট্রলারের জেলেরা তাঁকে সাগর থেকে তুলে ঘাটে নিয়ে আসেন।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, গত তিন দিনে ১৫টির বেশি দস্যু দল ২১টি ট্রলারে লুটপাট চালিয়েছে। তিনি বলেন, জেলেরা অপহরণ আতঙ্কে ভুগছেন। নাম প্রকাশে অনিচ্ছুক শহরের একজন ট্রলারমালিক বলেন, ‘গত ১ নভেম্বর রাতে তাঁর একটি ট্রলারসহ চার জেলেকে জলদস্যুরা অপহরণ করে খুলনার সুন্দরবনে আটকে রাখে। এরপর জেলেদের মাথাপিছু পাঁচ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। এখন ট্রলারসহ জেলেদের ছেড়ে দিতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। কিন্তু সুন্দরবন গিয়ে চাঁদার দাবি মিটিয়ে ট্রলারসহ অপহূত জেলেদের ফিরিয়ে আনার সাহস পাচ্ছি না।’
স্থানীয় বোট মালিক সমিতি সূত্র জানায়, গত ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত কক্সবাজারের ১৬টি মাছ ধরার ট্রলারসহ ৬৭ জেলেকে দস্যুরা অপহরণ করে সুন্দরবনে আটকে রেখেছে। গতকাল বুধবার পর্যন্ত একজন জেলেকেও ফেরত আনা সম্ভব হয়নি।
সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, খুলনা-সুন্দরবন থেকে গতকাল সকালেও ট্রলারমালিকদের মুঠোফোনে মুক্তিপণের টাকা দাবি করা হয়েছে। ট্রলারসহ জেলেদের মুক্তি দিতে ১০ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। কয়েকজন ট্রলারমালিক বলেন, তাঁরা জানতে পেরেছেন, অপহূত ৬৭ জেলেকে পাঁচ ভাগে ভাগ করে সুন্দরবনের বিভিন্ন স্থানে আটকে রাখা হয়েছে। জলদস্যু রাজু বাহিনীর সদস্যরা তাঁদের পাহারা দিচ্ছে। বাগেরহাটের ইদ্রিস আলী জলদস্যুদের পক্ষে মুক্তিপণের টাকা আদায়ে তৎপরতা চালাচ্ছে।