২১ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাজাও বাংলাদেশের ঢোল’—এ স্লোগান সামনে রেখে ২১ ডিসেম্বর ঢাকার রমনা পার্কে অনুষ্ঠিত হবে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলালিংক বাংলাদেশ উৎসব’। মুঠোফোন অপারেটর বাংলালিংকের উদ্যোগে অনুষ্ঠেয় এই উৎসবে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে নানা আয়োজন থাকবে। উৎসবে সহযোগী হিসেবে থাকছে প্রথম আলো। সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে এই উৎসব চলবে রাত ১০টা পর্যন্ত। রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে বক্তব্য দেন বাংলালিংকের জনসংযোগ ও যোগাযোগ বিভাগের প্রধান শারফুদ্দীন আহমেদ চৌধুরী ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।শারফুদ্দীন আহমেদ বলেন, বাংলালিংক গত কয়েক বছরে সারা দেশে যে সাংস্কৃতিক উৎসব পালন করে আসছে, তারই সম্মিলিত প্রদর্শন হবে এটি। উৎসবে রমনা পার্ককে চারটি ভাগ করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এর মধ্যে ‘কিংবদন্তি মঞ্চে’ অনুষ্ঠিত হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও লালন শাহর গান। এ ছাড়া থাকবে চিত্রশিল্পী এস এম সুলতানের স্মরণে চিত্রাঙ্কন।‘লোকগানের রাজ্যে’ থাকবে গম্ভীরা, বাউল, হাসন রাজা ও শাহ আবদুল করিমের গান। ‘ঐতিহ্যের খেলাঘরে’ অনুষ্ঠিত হবে প্রতীকী নৌকাবাইচ, গরুর গাড়ি, জব্বারের বলীখেলাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আর ‘গ্রামবাংলার মেলা’য় থাকবে পুতুলনাচ, সার্কাসসহ গ্রামীণ মেলার নানা ধরনের উপাদান।মূল মঞ্চে সাবিনা ইয়াসমীন, অ্যান্ড্রু কিশোরসহ প্রখ্যাত শিল্পীরা গান গাইবেন। এ ছাড়া থাকবে নানা ধরনের অনুষ্ঠান। শারফুদ্দীন আহমেদ বলেন, ‘এটা হবে এমন একটি উৎসব, যেখানে পরিবারের সবাই কোনো না কোনো অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।’ সংবাদ সম্মেলনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘যেকোনো ভালো উদ্যোগের পাশে থাকে প্রথম আলো। বাংলালিংকের এই উদ্যোগটি ভালো বলেই প্রথম আলো এর সঙ্গে যুক্ত হয়েছে। আমি মনে করি, সবারই এর সঙ্গে যুক্ত হওয়া উচিত।’ মতিউর রহমান বলেন, ‘ডিসেম্বর মাসে আমরা বিজয়ের উৎসব পালন করি। এর পাশাপাশি এটা হলো শীতের সময়। তাই এটা উৎসবের জন্য খুবই অনুকূল পরিবেশ। আশা করি, এই উৎসব পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারবেন। উৎসব সবার জন্যই উন্মুক্ত থাকবে।’