২১ থেকে ২৩ জানুয়ারি বিশ্ব ইজতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দফায় আখেরি মোনাজাত করা সম্ভব নয় বলে ইজতেমা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, দুই দফায় আখেরি মোনাজাতের উদ্যোগ নেওয়া হলে কমপক্ষে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে ইজতেমা এলাকায় নিয়োজিত রাখতে হবে। এ ছাড়া সারা দেশ থেকে ১৫ দিন ধরে রাজধানীতে মানুষের আসা-যাওয়া থাকলে রাজধানী যানজটে স্থবির হয়ে পড়বে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব ইজতেমা উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় বৈঠকে এ কথা জানানো হয়। বিশ্ব ইজতেমার নির্ধারিত সময় আগামী বছর ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিশ্ব ইজতেমার নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের জানান, ইজতেমা কর্তৃপক্ষ দুই দফায় আখেরি মোনাজাত করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ব্যবস্থাপনা, সুযোগ-সুবিধা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন কারণে এক দিনেই আখেরি মোনাজাত করার জন্য ইজতেমা কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।এ ছাড়া বিভিন্ন সেবামূলক সংস্থা, স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনকে এ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, ইজতেমা চলার সময় ধর্মপ্রাণ মুসল্লিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। সূত্র জানায়, গত বছর বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ আখেরি মোনাজাতে অংশ নেওয়ায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছিল। যে কারণে এবার দুই ভাগে ভাগ করে দুই দিনে ৩২টি করে জেলার অংশগ্রহণকারীদের আখেরি মোনাজাতে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছিল ইজতেমা কর্তৃপক্ষ। বৈঠকে স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।