২১ দফা অঙ্গীকারে ঢাকা উত্তরের ১২ মেয়র প্রার্থীর স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করাসহ ২১ দফা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন ১২ প্রার্থী। নির্বাচিত হলে প্রতিবছর সম্পদের হিসাব জনসমক্ষে তুলে ধরবেন বলেও প্রার্থীরা অঙ্গীকার করেছেন।
গতকাল শুক্রবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ) আয়োজিত এক অনুষ্ঠানে নাগরিকদের মুখোমুখি হওয়ার পর প্রার্থীরা এসব অঙ্গীকার করেন। উপস্থিত প্রত্যেক মেয়র প্রার্থীকে পাঁচ মিনিট করে সময় দেওয়া হয় নগরবাসীর জন্য তাঁরা কী করতে চান তা বর্ণনা করতে। নাগরিকেরা প্রার্থীদের কাছে তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
ঢাকা উত্তরে মেয়র প্রার্থী ১৬ জন, উপস্থিত ছিলেন ১৩ জন। সকাল নয়টা থেকে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও প্রার্থীরা আসতে দেরি হওয়ায় তা ১০টায় শুরু হয়। তবে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে দুপুর পৌনে ১২টায় অনুষ্ঠানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক উপস্থিত হওয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফীসহ কয়েকজন মেয়র প্রার্থী মঞ্চে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ক্বাফী আনিসুল হকের উদ্দেশে বলেন, ‘আমরা সকাল নয়টায় এখানে এসেছি। আর আপনি এতক্ষণে এসেছেন। এটা জনগণকে অপমান করা।’ এ সময় আয়োজকদের হস্তক্ষেপে ক্বাফী নিবৃত্ত হন।
পরে আনিসুল হক তাঁর বক্তৃতায় দেরিতে আসার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি ক্বাফী ভাইয়ের সঙ্গে দুই শত ভাগ একমত। আমার দেরি করা উচিত হয়নি। তবে সকাল থেকে আমি সাইকেল র্যালি করেছি ঢাকা শহরের রাস্তাগুলোর কী অবস্থা তা বোঝার জন্য।’ রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে দেরি হয়েছে বলে জানান আনিসুল হক।
আনিসুল হকের দিকে ইঙ্গিত করে ক্বাফী বলেন, ‘একজন প্রার্থী বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে ফুঁ দিয়েছেন আর আমি মেয়র প্রার্থী হয়ে গেছি। জনপ্রতিনিধি হওয়া এত সহজ নয়। জনগণের সঙ্গে থেকে লড়াই করেই নেতা হতে হয়।’ তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির আন্দোলনে মালিকপক্ষে আনিসুল হক ও শ্রমিকদের পক্ষে ক্বাফী উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘সরকারের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছে বলেই আজ এমন সব প্রশ্ন আমাদের কাছে আসছে, যা সরকারের কাছে আসা উচিত।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন ৫ জানুয়ারির নির্বাচনের কারণে এমনিতেই বিতর্কিত হয়ে আছে। এই নির্বাচনে তারা এখন পর্যন্ত এমন কিছু করেনি, যাতে সেই বিতর্ক কমে আসে। তাবিথ বলেন, ‘নির্বাচনের মাঠ এখনো উঁচু-নিচু। কাউকে উঁচুতে আর কাউকে নিচুতে রাখা হয়েছে। ফলে আমরা কোন মাঠে খেলব, তা বুঝতে পারছি না।’
আনিসুল হক অন্য তরুণ মেয়র প্রার্থীদের দিকে ইঙ্গিত করে বলেন, অনেকেই অনেক ধরনের আশ্বাস দিচ্ছেন। কিন্তু আসল কথা হচ্ছে, এই আশ্বাস কে পূরণ করতে পারবেন। নিজের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যার চুল একটু পেকেছে, বড় দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে, তাকে ভোট দিলে নগরবাসীর স্বপ্ন বাস্তবায়িত হবে।
আনিসুল হকের উদ্দেশে একজন প্রশ্নকর্তা বলেন, ‘আপনি তো একজন সফল ব্যবসায়ী। বিনিয়োগ করে কীভাবে তা উঠিয়ে আনতে হয়, আপনি সেটি জানেন। এই নির্বাচনে আপনি যে বিনিয়োগ করছেন, তা কীভাবে তুলে আনবেন?’ উত্তরে আনিসুল হক বলেন, ‘আমি মেয়র নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার আগে চার মাস সময় নিয়েছি। স্ত্রী ও সন্তানদের বলেছি তোমরা ব্যবসা দেখবে। আমি পাঁচ বছর নগরবাসীর সেবা করব।’
অনুষ্ঠানে মেয়র প্রার্থী সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরী তাঁর নির্বাচনী ইশতেহারের সারসংক্ষেপ তুলে ধরেন। একজন হেভিওয়েট প্রার্থী কোটি কোটি টাকা খরচ করছেন—এমন অভিযোগ করে মাহী বলেন, ওই প্রার্থী ঢাকায় ৩৫ হাজার বর্গফুট আয়তনের অফিস নিয়ে এক হাজার লোক নিয়োগ দিয়ে প্রচার চালাচ্ছেন। এ ধরনের প্রার্থীদের ব্যাপারে ভোটারদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
জোনায়েদ সাকি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশনকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে রাখা হয়েছে। আর সারা দেশে এমপিতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। সিটি করপোরেশনকে শক্তিশালী করে আইনি ক্ষমতা দেওয়ার জন্য কাজ করবেন বলে অঙ্গীকার করেন এই প্রার্থী।
অনুষ্ঠানের শুরুতে নির্বাচিত মেয়র নগরবাসীর জন্য কী কী করবেন, এমন ২১ দফার একটি অঙ্গীকারনামা পড়ে শোনানো হয়। পরে উপস্থিত মেয়র প্রার্থীদের ১২ জন অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। আনিসুল হক পরে এসেছিলেন। তিনি অঙ্গীকারনামাটি নিয়ে গেছেন। স্বাক্ষর করে পরে পাঠাবেন—এমনটা আয়োজকেরা প্রথম আলোকে জানিয়েছেন।
সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অন্য মেয়র প্রার্থী আনিসুজ্জামান খোকন, কাজী মো. শহিদুল্লাহ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, জামান ভূঞা, এ ওয়াই এম কামরুল ইসলাম, শেখ মো. ফজলে রাব্বি মাসউদ ও শেখ শহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ।
সুজন গত বৃহস্পতিবার একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নিয়ে।