২১ দিন ধরে তালা
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া শাহ-এয়তেবারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী। ফলে অধ্যক্ষ ২১ দিন ধরে মাদ্রাসায় আসতে পারছেন না। অধ্যক্ষের বিরুদ্ধে অভিজ্ঞতার জাল সনদ, ইউএনওর স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ-বাণিজ্য, মাদ্রাসার গাছ কাটার টাকা আত্মসাৎসহ পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।অনিয়মের বিষয়টি তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষে তালোড়া পৌরসভার সদস্য মাহমুদুল হাসান চৌধুরী ১৪ নভেম্বর দুপচাঁচিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। রোববার অধ্যক্ষ মাদ্রাসায় গেলে স্থানীয় লোকজন তাঁকে ঢুকতে দেয়নি। মাদ্রাসার উপাধ্যক্ষ মোশাররফ হোসাইন বলেন, ‘অধ্যক্ষের কক্ষে কে বা কারা তালা দিয়েছে তা বলতে পারি না। তবে অধ্যক্ষ মোবাইলে জানিয়েছেন তিনি ছুটিতে আছেন।’অধ্যক্ষ জি এম মোস্তাফিজুর রহমান তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে এসব ষড়যন্ত্র করছে। আমার কক্ষে তালা লাগানোর ঘটনায় থানায় অভিযোগ করেছি।’ মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ফেরদৌস আলম বলেন, ‘অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম থাকলে তা তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অধ্যক্ষ আমার কাছে ছুটির আবেদন করেছেন। আমি বলেছি, এ মুহূর্তে ছুটি দেওয়া যাবে না। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানে এ সময় বার্ষিক পরীক্ষা চলছে।’