চট্টগ্রাম সিটি করপোরেশনের সাধারণ সভায় যোগ দিতে ২১ দিন পর গতকাল বৃহস্পতিবার নগর ভবনে গেলেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম।
নগরের আন্দরকিল্লায় নগর ভবনের দ্বিতীয় তলায় কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সভা হয়।
২০-দলীয় জোটের লাগাতার অবরোধ শুরুর পর নগর ভবনে যাওয়া বন্ধ করে দেন মেয়র।
গতকালের সভায় করপোরেশনের কাউন্সিলররা দ্রুত সময়ের মধ্যে উন্নয়নকাজ শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মেয়রের প্রতি দাবি জানান।
সভা সূত্র জানায়, আওয়ামী লীগপন্থী কাউন্সিলররা চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নির্বাচন কমিশনের ঘোষণাকে স্বাগত জানান।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় মেয়র বলেছেন, রাজনৈতিক কারণে রাজস্ব আদায় কিছু কম হলেও করপোরেশনের যাবতীয় সেবা চলমান আছে।
সভা সূত্র জানায়, সভায় কাউন্সিলররা নগরের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করতে মেয়রের প্রতি দাবি জানান। তাঁরা চলতি অর্থবছরের উন্নয়ন বরাদ্দও ছাড় দেওয়ার অনুরোধ করেন।
যোগাযোগ করা হলে করপোরেশনের তিনজন কাউন্সিলর বিষয়টি নিশ্চিত করেন।
সিটি করপোরেশনের আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী প্রথম আলোকে বলেন, ‘আমরা নতুন করে উন্নয়নমূলক প্রকল্প দিতে অনুরোধ করেছি। সামনে নির্বাচন, কিন্তু এখনো আমাদের এলাকায় কিছু উন্নয়নকাজ বাকি আছে। এগুলো শেষ করা দরকার।’
সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রেহেনা বেগম বলেন, ‘করপোরেশনের উন্নয়নমূলক কাজে দীর্ঘসূত্রতা চলছে। এতে জনগণের দুর্ভোগ হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কাজগুলো শেষ করা প্রয়োজন। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকাবাসীর দাবি আছে। এ বিষয়ে নজর দিতে আজকের সভায় মেয়রকে অনুরোধ করেছি।’
জামালখান ওয়ার্ডের কাউন্সিলর বিজয় কৃষ্ণ চৌধুরী বলেন, ‘প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে তা বাদ দেওয়া হয়। আমাদের মেয়াদ শেষের দিকে। তাই এসব প্রকল্প অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।’