২১ দিন পর পাখিটি উড়ল আকাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসা শেষে গতকাল বগুড়ার শেরপুরে পরিবেশবাদী সংগঠন ‘স্বাধীন জীবন’ হুতুম প্যাঁচাটি অবমুক্ত করে। ছবিটি উপজেলার কালিয়াকৈর গ্রাম থেকে তোলা l প্রথম আলো
চিকিৎসা শেষে গতকাল বগুড়ার শেরপুরে পরিবেশবাদী সংগঠন ‘স্বাধীন জীবন’ হুতুম প্যাঁচাটি অবমুক্ত করে। ছবিটি উপজেলার কালিয়াকৈর গ্রাম থেকে তোলা l প্রথম আলো

হুতুম প্যাঁচাটি ফিরেছে আপন ভুবনে। ২১ দিন ধরে চিকিৎসা শেষে পাখিটিকে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আকাশে উড়িয়ে দেওয়া হয়। বগুড়ার শেরপুরের কালিয়াকৈর গ্রামে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘স্বাধীন জীবন’-এর উদ্যোগে পাখিটি অবমুক্ত করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শেরপুরের পাশের রায়গঞ্জ থানার ধানগড়া এলাকায় ৪ এপ্রিল সকালে ঝড়ে দুটি হুতুম প্যাঁচা পা ও ডানায় আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। পরে অসুস্থ পাখি দুটি নিয়ে এলাকার শিশুরা খেলায় মেতে ওঠে। খবর পেয়ে অসুস্থ পাখি দুটি উদ্ধার করে রায়গঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে চিকিৎসার উদ্যোগ নেয় স্বাধীন জীবন।
স্বাধীন জীবন সংগঠনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, অসুস্থ পাখি দুটির বয়স ছয় থেকে আট মাস। রায়গঞ্জ থানার প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে পাখি দুটি বাড়িতে এনে তিনি চিকিৎসাসহ খাবারের ব্যবস্থা করেন। চিকিৎসাধীন অবস্থায় একটি পাখি ৫ এপ্রিল সকালে মারা যায়। অপর পাখিটি ২০ দিন ধরে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে। গতকাল পাখিটি অবমুক্ত করা হয়।
পাখিটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক আবদুল কাইয়ুম ও কাজী আলমগীর হোসেন। তাঁরা বলেন, পাখি আমাদের বন্ধু ও প্রকৃতির অংশ। স্বাধীন জীবন সংগঠনটি এলাকায় বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে ভূমিকা রাখছে।