কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ থেকে কুতুবদিয়া পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সাগর উপকূলে জলদস্যুদের ২০টির বেশি বাহিনী সক্রিয় রয়েছে। গত ২১ দিনে জলদস্যুরা জেলেদের ৩৭টি ট্রলারে হামলা চালিয়ে কয়েক কোটি টাকার মাছ ও জাল লুট করে। এতে শতাধিক জেলে আহত হন। এসব হামলার ঘটনায় নিখোঁজ রয়েছেন ৩৪ জন জেলে। কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, দস্যুদের ভয়ে কয়েক হাজার ট্রলার সাগরে নামানো যাচ্ছে না। এতে ৬০ হাজারের মতো জেলে বেকার হয়ে পড়েছেন। গত রোববার বোট মালিক সমিতির নেতারা জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে সাগরে দস্যুদের অপতৎপরতা বন্ধের দাবি জানিয়েছেন। সমিতির পক্ষ থেকে ২০টি জলদস্যু বাহিনী এবং নিখোঁজ জেলেদের নাম প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, গতকাল সোমবার সকালে গভীর সাগর থেকে ঘাটে ফেরার সময় মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে দুটি ট্রলার দস্যুদের কবলে পড়ে। গত ২১ দিনে দস্যুরা ৩৭টি ট্রলার থেকে অন্তত তিন কোটি টাকার মাছ ও জাল লুট করে। এসব ট্রলারের ৩৪ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের সলিল সমাধি হয়েছে, নাকি মুক্তিপণের জন্য তাঁদের কোথাও বন্দী করে রাখা হয়েছে, তা জানা সম্ভব হচ্ছে না। জেলেরা জানান, রোববার ভোরে একাধিক জলদস্যু বাহিনী কক্সবাজার শহরের এস এম পাড়ার জহুর আহমদের একটি, নুনিয়াছটার নুর আহমদের একটি, মোজাম্মেল হকের একটি, টেকপাড়ার মমতাজুল হকের একটি ট্রলার থেকে কয়েক লাখ টাকার মাছ লুট করে। ট্রলার-মালিক মমতাজুল ইসলাম বলেন, গতকাল পর্যন্ত তাঁর একটি ট্রলারের ১৭ জেলের সন্ধান পাচ্ছেন না। নুনিয়াছটার নুর আহমদ ও মাঝিরঘাটের আবু সুলতানের দুটি ট্রলারে নিখোঁজ রয়েছেন আরও ১৭ জেলে। পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, ইতিমধ্যে উপকূলে অভিযান চালিয়ে কুতুবদিয়ার ‘দস্যুসম্রাট’ রমিজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। কোস্টগার্ড ও নৌবাহিনীর সঙ্গে পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাগরকে জলদস্যুমুক্ত করার চেষ্টা করে যাচ্ছে।