২১ দিনের মধ্যে নারায়ণগঞ্জে গ্যাস সমস্যার সমাধান চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গ্যাস সমস্যা সমাধানের দাবিতে শহর বিএনপি গতকাল শনিবার শহরে সমাবেশ করেছে। সমাবেশে নেতারা আগামী ২১ দিনের মধ্যে সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন। সকালে শহরের ডিআইটি এলাকায় শহর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের নারায়ণগঞ্জ শাখার সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির নেতা পারভেজ, জাকির হোসেন, মনিরুল ইসলাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম প্রমুখ।সমাবেশে বক্তারা পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন। সমাবেশে তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমরা স্থানীয় সমস্যা সমাধানে দল-মতের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করতে চাই। এ লক্ষ্যেই আমন্ত্রণ জানানো হয়েছিল বিভিন্ন দলের নেতাদের। তাঁরা এক মঞ্চে না এলেও যাঁর যাঁর অবস্থান থেকে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন বলে আমাদের বিশ্বাস। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত রাখব।’