২১ নভেম্বর সেনানিবাসে যান চলাচল নিয়ন্ত্রিত
সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি পালনের জন্য ২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। গতকাল শুক্রবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সাতটি এলাকায় নৌবাহিনীর জাহাজ সাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে ঢাকা সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিদের যানবাহন ছাড়া অন্য সব যানবাহন ওই দিন সকাল সাতটা থেকে বেলা ১১টা ও দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল না করার অনুরোধ করা হয়েছে। সেনাকুঞ্জে বৈকালীন সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বেলা তিনটার মধ্যে এবং অন্য অতিথিদের সোয়া তিনটার মধ্যে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।
এদিকে দিবসটি উদ্যাপন উপলক্ষে ওই দিন ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজগুলো সাধারণের পরিদর্শনের জন্য বেলা দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে। উল্লিখিত অঞ্চলের জাহাজগুলোর মধ্যে ঢাকা অঞ্চলের জাহাজ থাকবে ঢাকার সদরঘাটে। নারায়ণগঞ্জের জাহাজ বিআইডব্লিউটিএ জেটি মাতলা ঘাট নারায়ণগঞ্জ, চট্টগ্রামের জাহাজ নেভাল জেটি নিউমুরিং চট্টগ্রাম, খুলনার জাহাজ বিআইডব্লিউটিএ রকেট ঘাট খুলনা, মোংলার জাহাজ দিগরাজ নেভাল বার্থ মোংলা, বরিশালের জাহাজ বিআইডব্লিউটিএ জেটি বরিশাল ও চাঁদপুরের জাহাজ বিআইডব্লিউটিএ ঘাট চাঁদপুরে থাকবে। বিজ্ঞপ্তি।