২১ পদে ২১ জনের মনোনয়নপত্র দাখিল হচ্ছে না নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল রোববার ২১টি পদের জন্য ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে নির্বাচন হচ্ছে না। দীর্ঘ ২০ বছর পর আগামী ১০ অক্টোবর ওই নির্বাচন হওয়ার কথা ছিল।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচন উপলক্ষে গতকাল বিকেল ৪টা পর্যন্ত পরিচালক পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্ধারিত সময়ে সাধারণ সদস্যদের মধ্যে ১৪ জন ও সহযোগী সদস্যদের মধ্যে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন সাধারণ সদস্য মেসার্স ধ্রুব কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল আলম চৌধুরী, মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী মোর্তুজা বিশ্বাস, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, মেসার্স শফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, আক্তার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আকতার বিশ্বাস, স্বাগতম চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন, মেসার্স গণি ব্রাদার্সের মোহাম্মদ আলী, ব্যবসায়ী এ এইচ এম রেজাউল, জাহিদ হোসেন, মিরাজুল আলম, উত্তম কুমার কুণ্ডু, আশরাফ উজ জামান, জাহাঙ্গীর হোসেন ও আব্দুল হান্নান। সহযোগী সদস্যদের মধ্যে রয়েছেন মো. হাবিবুর রহমান, এ বি এম ফজলুর রহমান, মাসুদুর রহমান, ফারুক উজ জামান চৌধুরী, মো. ফোরকান রেজা, আবুল হোসেন খান ও ফরিদুল ইসলাম।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান আইনজীবী শাহাবুদ্দিন সবুজ বলেন, যেহেতু প্রত্যেক পদে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাই যাচাই–বাছাই শেষে কোনো ত্রুটি না থাকলে মনোনয়নপত্র দাখিলকারীদের নির্বাচিত ঘোষণা করা হবে। তবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য রয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।