২১ পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা দাবি, ডাকাতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে ২১ পুলিশ সদস্যের বিরুদ্ধে। তাঁদের মধ্যে গতকাল সোমবার চট্টগ্রামে আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে, খুলনায় একজনকে দুদকের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং সিলেটে একজনকে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের আট সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন আদালত ভবনের একটি দোকানের কর্মচারী মো. মঈন উদ্দিন। অভিযোগ, ডিবি পুলিশ তাঁকে তুলে নিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী, উপপরিদর্শক (এসআই) মো. সেকান্দর আলী ও মো. দেলোয়ার হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আজহারুল ইসলাম ও আবদুল ওয়াদুদ এবং কনস্টেবল আরমান হোসেন, খোরশেদ আলম ও উকিল আহমেদ।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

বাদী মামলার অভিযোগে বলেন, তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে। সেখানে একটি পরিবারের সঙ্গে তাঁর পাল্টাপাল্টি মামলা রয়েছে। মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি করতে না পেরে পুলিশের সঙ্গে যোগসাজশ করে ২০১৬ সালের ২১ ডিসেম্বর আদালত এলাকার দোকান থেকে তাঁকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর কাছ থেকে পুলিশ সদস্যরা তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। একপর্যায়ে তাঁকে মারধরও করেন তাঁরা। তাঁর কাছে থাকা ৩ হাজার ৯০ টাকা ও একটি মুঠোফোন কেড়ে নেন অভিযুক্ত পুলিশ সদস্যরা। পরে মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর গত ১৬ মার্চ তিনি জামিনে মুক্তি পান।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী প্রথম আলোকে বলেন, মঈন উদ্দিন দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প বিক্রি করে আসছিলেন। তাঁর কাছ থেকে দুই হাজার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় এগুলো জাল বলে প্রমাণিত হয়েছে। শিগগিরই এ মামলায় অভিযোগপত্র দেওয়া হবে। মামলা থেকে নিজে বাঁচার জন্য পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করেছেন বলে দাবি করেন তিনি।

মঈন যে দোকানে কাজ করতেন সেই দোকানের মালিক আমিন আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁর দোকানে কোনো স্ট্যাম্প বিক্রি করা হয় না। শুধু কম্পোজ করা হয়। লাইসেন্সধারী ভেন্ডাররা স্ট্যাম্প বিক্রি করেন। সেদিন বারবার বলার পরও মঈনকে ধরে নিয়ে যায় পুলিশ।

তবে অভিযান পরিচালনাকারী নগর ডিবি পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী দাবি করেন, মঈন উদ্দিনের স্ট্যাম্প বিক্রির লাইসেন্স না থাকলেও তিনি জাল স্ট্যাম্প বিক্রি করতেন।

খুলনা প্রতিনিধি জানান, জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ১১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন ও তা গোপন করার অভিযোগে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আকবর আলীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৬ সালে ২২ মার্চ খুলনা সদর থানায় মামলাটি করেন দুদকের খুলনার সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন। তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ২০ মার্চ আকবর আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দুদক খুলনার সহকারী পরিদর্শক শ্যামল চন্দ্র সেন বলেন, গতকাল সোমবার খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আকবর আলী জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিলেট প্রতিনিধি জানান, সিলেট শহরতলির মালনিছড়া চা-বাগান এলাকায় চাঁদার টাকা নিতে যাওয়ার অভিযোগে গতকাল সোমবার সকালে সিলেট আরআরএফের (রেঞ্জ রিজার্ভ ফোর্স) সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্য মনিরুজ্জামানকে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয় ব্যক্তিরা।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, সিআইডির পরিচয়ে স্থানীয় শ্রমিক নেতা সুজন আহমদের কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন মনিরুজ্জামান। গতকাল সকালে চা-বাগানের ভেতরে গিয়ে তিনি সুজনের কাছ থেকে টাকা আনতে যান।

সিলেট মহানগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, মনিরুজ্জামান পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল। এর আগেও তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

এর আগে ১৭ এপ্রিল রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকার একটি ক্লাবে ঢুকে অস্ত্রের মুখে ক্লাবের লোকজনের কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রুহুল আমিন সরকারসহ ডিবির ১১ সদস্যের বিরুদ্ধে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়ার নির্দেশে তিন সদস্যের একটি কমিটি এ ঘটনা তদন্ত করছে।