২১ পেরিয়ে দৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টির অনুষ্ঠানে গান করেন সংগঠনের সদস্যরা
দৃষ্টির অনুষ্ঠানে গান করেন সংগঠনের সদস্যরা

পথচলার ২১ বছর পার করেছে বিতর্ক সংগঠন দৃষ্টি চট্টগ্রাম। ১৯৯২ সালে কলেজপড়ুয়া একদল তরুণের হাত ধরে যাত্রা শুরু। আজ দাঁড়িয়ে শক্ত ভিতের ওপর। সংগঠনটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে গেছে স্বপ্নপূরণের পথে। আলোর পথ দেখিয়েছে হাজারো তরুণকে। যুক্তিবাদী সমাজ গঠনে এখনো নিরন্তর চেষ্টা তাঁদের।
২২ ফেব্রুয়ারি দৃষ্টি চট্টগ্রাম পালন করে ২২তম জন্মদিন। এ উপলক্ষে সেদিন সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি মিলনায়তনে বসেছিল আনন্দ আয়োজন। গান, নাচ, আড্ডা ও কবিতার মায়াজালে কেটেছে পুরোটা সময়।
সন্ধ্যা ছয়টায় দৃষ্টির ২১ বছরের পথচলা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর মঞ্চে আসেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। তিনি বলেন, ‘দেখতে দেখতে আজ আমরা ২২ বছরে পড়লাম। ভাবতেই যেমন অবাক লাগছে, তেমনি খুশিতে মন ভরে যাচ্ছে।’ তিনি দৃষ্টি চট্টগ্রামের এত দিনের কিছু অর্জনের কথা তুলে ধরে মঞ্চে ডেকে নেন আদনান মান্নানকে। যিনি চট্টগ্রামের এক সময়কার সেরা বিতার্কিক। এই তরুণ বর্তমানে অস্ট্রেলিয়ায় পিএইচডি করছেন। ছুটিতে দেশে এসেই যোগ দিলেন দৃষ্টির আয়োজনে। তিনি শোনালেন দৃষ্টিকে নিয়ে তার আবেগ-ভালোবাসার কথা। এরপর দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক সাবের শাহ আসেন মঞ্চে। তাঁর সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠান। শুরুতেই দৃষ্টিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এরপর কাটা হয় জন্মদিনের কেক।
এবার গানের সময়। শিল্পী শান্তনু বিশ্বাস শুভেচ্ছা জানাতে এসে ‘তোমার মুখের ভাষা’ গানের দুটি লাইন গেয়ে শোনান। দৃষ্টির সদস্য মাহফুজুল ইসলাম গেয়ে শোনান ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’ গানটি। মিলনায়তনে তখন সুরের আবেশ। মাহফুজের গান শেষে কবি বিশ্বজিৎ চৌধুরীকে মঞ্চে ডাকা হলো কবিতা পাঠে নয়, গান গাওয়ার জন্য। মঞ্চে উঠে তিনি গাইলেন ‘ওগো আমার কুন্তলিনী প্রিয়ে’ গানটি।
এরপর শুভেচ্ছা জানাতে আসেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। জুনায়েদ মুফরাত পরিবেশন করেন ‘আগে যদি জানতাম’ গানটি। কবি জিন্নাহ চৌধুরী অনুরাগের কবিতা পড়ে শোনান।
‘মন মোর মেঘের সঙ্গী’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন রিভানা শরফুদ্দিন। আবৃত্তিশিল্পী মিলি চৌধুরীও সবার ইচ্ছায় কবিতার বদলে পরিবেশন করেন গান। ‘আমি শুনেছি সেদিন’ শিরোনামের এ গানের সঙ্গে গলা মেলান দর্শকেরাও। এরপর কবি ওমর কায়সার উপস্থিত ছড়া রচনা করে শোনান। ছড়ায় তিনি দৃষ্টিকে দুঃখিনী বাংলাদেশের জন্য এভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
একে একে দৃষ্টিকে শুভেচ্ছা জানাতে মঞ্চে আসেন কবি কামরুল হাসান, সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান ও প্রকৌশলী দেলোয়ার মজুমদার। সবশেষে সাইফুদ্দিন মুন্নার পরিবেশনায় ‘গাড়ি চলে না’ গানের মাধ্যমে শেষ হয় এ আনন্দ আয়োজন।