কুমিল্লা অঞ্চলের ২৬ সরকারি মাধ্যমিক বিদ্যালয়
২১ প্রধান শিক্ষক ও ১৫১ সহকারী শিক্ষকের পদ শূন্য
মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের চার জেলা—কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের ২৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২১ জন প্রধান শিক্ষক ও ১৫১ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের খণ্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান করাতে হচ্ছে। কোনো কোনো বিদ্যালয়ে নির্ধারিত পদের চেয়ে অর্ধেকেরও কম শিক্ষক রয়েছেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক সেতারা বেগম বলেন, কুমিল্লা অঞ্চলের চার জেলায় প্রধান শিক্ষকের ২৬ পদের মধ্যে ২১টি পদই শূন্য। অন্যদিকে সহকারী শিক্ষকের ৬৪৫ পদের মধ্যে ১৫১টি পদ শূন্য। এর মধ্যে ইংরেজিতে ২৬, সামাজিক বিজ্ঞানে ২১, বাংলায় ১৮, গণিতে ১৮, জীববিজ্ঞানে ১৫, ইসলাম ধর্মে ১৪, ভৌতবিজ্ঞানে ১০, ব্যবসায় শিক্ষায় ১০, চারুকলায় সাত, শারীরিক শিক্ষায় ছয়, ভূগোলে পাঁচ ও কৃষি শিক্ষায় একজন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের মধ্যে কেবলমাত্র কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, চাঁদপুরের হাসান আলী উচ্চবিদ্যালয় ও ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক আছেন।জানা গেছে, কুমিল্লার মুরাদনগর ডি আর সরকারি উচ্চবিদ্যালয়ে ১৫টি পদের মধ্যে পাঁচ, হোমনা সরকারি উচ্চবিদ্যালয়ে ১০টির মধ্যে চার এবং ব্রাহ্মণপাড়ার ভগবান সরকারি উচ্চবিদ্যালয়ে ১৩টির মধ্যে একটি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।চাঁদপুরের হাসান আলী উচ্চবিদ্যালয়ে ৪৯টি পদের মধ্যে ১৭, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৪৯টির মধ্যে ১৭, বাবুরহাটের সরকারি কারিগরি উচ্চবিদ্যালয়ে ২৫টির মধ্যে ১১, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ছয়টির মধ্যে দুই, কচুয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে ১৪টির মধ্যে এক, হাইমচর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ১০টির মধ্যে দুই ও হাইমচর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নয়টির মধ্যে চারটি সহকারী শিক্ষকের পদ শূন্য।ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে ৪৯টির মধ্যে ১৪, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৪৯টির মধ্যে ২৩, গভর্নমেন্ট মডেল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২৫টির মধ্যে এক, সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে ১৫টির মধ্যে চার, কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ১৪টির মধ্যে এক ও নাসিরনগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ছয়টির মধ্যে তিনটি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।লক্ষ্মীপুরের আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়ে ৫০টির মধ্যে ১৫, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৪৯টির মধ্যে ১৯ এবং রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চবিদ্যালয়ে ১৩টির মধ্যে সাতটি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।জানতে চাইলে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার বিদ্যালয়ের দুই শিফটে এক হাজার ২০০ শিক্ষার্থী রয়েছে। কিন্তু শিক্ষকের ১৭টি পদই খালি। ঈদের পর শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।’এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা অঞ্চলের সহকারী শিক্ষকের শূন্য পদের তালিকা গত ১৭ আগস্ট আমরা ঢাকায় ডিজি অফিসে পাঠিয়েছি। ইতিমধ্যে শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন থেকেই শূন্য। ওই সব স্কুলে সহকারী প্রধান শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।’