২১ বছর ধরে বিচার নিয়ে গড়িমসি, দোষীদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্পনা চাকমা অপহরণের ২১ বছর পার হয়েছে। কিন্তু এখনো বিচার-প্রক্রিয়া নিয়ে গড়িমসি চলছে। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

গতকাল সোমবার ‘কল্পনা চাকমা অপহরণের ২১ বছর, অবিলম্বে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে হিল উইমেন্স ফেডারেশন ও বাংলাদেশ আদিবাসী নেটওয়ার্ক। বক্তারা আরও বলেন, কল্পনার অপহরণের বিচার নিয়ে রাষ্ট্র কখনোই আন্তরিক ছিল না। আন্দোলনের মুখে বারবার দায়সারা তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। কিন্তু অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত এ প্রতিবাদ চলবে। এ জন্য গণমাধ্যমসহ সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ব্লাস্টের নির্বাহী পরিচালক আইনজীবী সারাহ হোসেন বলেন, কল্পনা চাকমা সবার অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তাই কণ্ঠরোধ করার জন্য তাঁকে অপহরণ করা হয়েছে। কল্পনার ঘটনার ক্ষেত্রে বিচার পাওয়ার জন্য সবার অংশগ্রহণ দরকার। এ সময় তিনি উপস্থিত সবাইকে পরবর্তী শুনানির দিন (১৮ জুলাই) আদালতে উপস্থিত থাকার অনুরোধ জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন কল্পনা চাকমার সঙ্গে তাঁর বন্ধুত্বের সময়কার স্মৃতিচারণা করেন। এ সময় তিনি বলেন, কল্পনা অপহরণের মামলায় এখন পর্যন্ত ৩৫ বার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে। হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চলা চাকমা বলেন, ‘আমরা বাঙালি বা সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করি না, আমরা আন্দোলন করি রাষ্ট্রের অপশাসন, নিপীড়নের বিরুদ্ধে। রাষ্ট্রকে মনে রাখতে হবে, এক কল্পনা অপহরণ হয়ে হাজার কল্পনার জন্ম নিয়েছে।’

১৯৯৬ সালের ১২ জুন মধ্যরাতে কল্পনাকে নিজ বাড়ি রাঙামাটি জেলার নিউলাল্যাঘোনা গ্রাম থেকে অপহরণ করা হয়। কল্পনা তৎকালীন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।