২১ বছর পর আলালকে ফিরে পেল পরিবার

আলাল উদ্দিন খান তখন নবম শ্রেণির ছাত্র। ওই সময় তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। আর ১৯৯৫ সালে ৪০ বছর বয়সে নিখোঁজ হন তিনি। এরপর অভিভাবকেরা অনেক খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। এরই মধ্যে আলালের বাবা-মা মারা গেছেন। একসময় আলালকে ফিরে পাওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছিল পরিবার। অবশেষে গত শনিবার পুলিশের সহযোগিতায় আলালকে ফিরে পেয়েছে তাঁর পরিবার।
পুলিশ ও আলালের পরিবার সূত্র জানায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুরা গ্রামের মোস্তফা খানের ছেলে আলাল উদ্দিন খান নবম শ্রেণিতে পড়া অবস্থায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ৪০ বছর বয়সে ১৯৯৫ সালে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর কেটে গেছে ২১ বছর।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ কর্তৃপক্ষের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে পুলিশ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মানসিক ভারসাম্যহীন আলাল উদ্দিন খানকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে থাকতে না চাওয়ায় শুক্রবার পুলিশি হেফাজতে তাঁকে থানায় এনে রাখা হয়। কথায় কথায় আলাল পুলিশকে তাঁর এক চাচার নাম (প্রয়াত ইউপি চেয়ারম্যান) এবং ঠিকানা বলেন। আলালের দেওয়া তথ্যের সূত্র ধরে কেন্দুয়া থানা-পুলিশ গাজীপুরের কাপাসিয়া থানায় যোগাযোগ করে। পুলিশ নিশ্চিত হয় তাঁদের হেফাজতে থাকা ওই ব্যক্তিই ২১ বছর আগে হারিয়ে যাওয়া কাপাসিয়ার পাবুরা গ্রামের মোস্তফা খানের ছেলে আলাল উদ্দিন খান। খবর পেয়ে আলালের ছোট ভাই জাকির হোসেন খান এবং চাচাতো ভাই আফজাল হোসেন খানসহ অন্য স্বজনেরা কেন্দুয়া থানায় ছুটে আসেন। পরে পরিবারের সদস্যদের কাছে আলালকে বুঝিয়ে দেয় পুলিশ।
জাকির হোসেন খান বলেন, ‘তাঁর (আলাল) হারিয়ে যাওয়ার সময় বাবা-মা জীবিত থাকলেও এখন কেউ বেঁচে নেই। এত দিন পর ভাইকে ফিরে পাব বলে আশাই করিনি। তবে শেষ পর্যন্ত ভাইকে ফিরে পেয়েছি, এ জন্য থানা-পুলিশের কাছে আমরা কৃতজ্ঞ।’
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, ‘২১ বছর আগে হারিয়ে যাওয়া ব্যক্তিকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরাও আনন্দিত।’