২১ বছরেও উদ্যোগ নেই মেরামতের, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক থেকে ইট উঠে গেছে। জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের বলরামপুর গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো
সড়ক থেকে ইট উঠে গেছে। জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের বলরামপুর গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো

পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি সর্বশেষ মেরামত করা হয়েছিল ১৯৯৬ সালে। এখন ইটের সলিং উঠে খানাখন্দে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে ১৫ গ্রামের ১০ হাজার মানুষ। জামালপুর সদর উপজেলার জয়নগর-ভেবলা সড়কের দশা এটি।

সরেজমিনে গত বুধবার দেখা যায়, জয়নগর থেকে ভেবলা গ্রাম পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ এ রাস্তায় ইটের সলিং উঠে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন মেরামত না করায় এখন আর রাস্তার কোথাও ইট নেই। অনেক স্থান থেকে ইট চুরি হয়ে গেছে। আবার কোথাও হয়েছে বড় বড় গর্ত। এর মধ্যে বলরামপুর গ্রামের ওপর দিয়ে যাওয়া রাস্তাটির পূর্ব পাশ ভেঙে ইট সরে গেছে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, রাস্তাটি ১৯৯৬ সালে ইটের সলিং করা হয়। এরপর ২১ বছর পার হয়ে গেলেও রাস্তার উন্নয়নে আর কোনো কাজ হয়নি। রাস্তাটি দিয়ে সদর উপজেলার জয়নগর, ভেবলা, বলরামপুর, শিলকুড়া, পুগলই, ফুলদহ, মাটিয়াজান, বাঁশবাড়ী, কুদুলা, শানাকৈড়, চন্দ্রপুর, কুটুরিয়া, কাস্টসিংগা, পাতিলেকুড়া, কৃঞ্চরামবাড়ী গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চলাচল করে।

বলরামপুর গ্রামের মনির আহম্মেদ বলেন, ‘২১ বছরেও সরকারি কোনো লোকজন ভাঙা রাস্তাটি দেখতেও আসেনি। পুরো রাস্তায় কোথাও ইটও খুঁজে পাওয়া যাবে না। রাস্তা ভেঙে খানাখন্দে ভরে গেছে। কোনো যানবাহন চলাচল করতে পারে না। হাঁটা ছাড়া রাস্তাটি দিয়ে চলাচলের আর কোনো উপায় নেই। এতে আমাদের সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে।’
জয়নগর গ্রামের আবু বক্কর বলেন, ‘রাস্তা ভেঙে এমন অবস্থা হইছে, মানুষই চলতে পারে না, গাড়ি চলবে কেমনে? রাস্তার কোথাও ইট নাই। আবার কোথাও বড় বড় গর্ত।’

তিতপল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রহিম মিয়া বলেন, ‘ওই গ্রামটি আমার ওয়ার্ডের মধ্যে পড়েছে। রাস্তাটি নিয়ে বড় বেকায়দায় রয়েছি। রাস্তাটি দিয়ে বাইসাইকেল চালিয়েও যাওয়া যায় না। রাস্তাটি মেরামতের জন্য স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন নেতার পিছনে ঘুরেও বরাদ্দ পাওয়া যায়নি। ফলে দুর্ভোগে আছে ১৫ গ্রামের মানুষ।’

জামালপুর সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস এম শহিদুল ইসলাম বলেন, ‘রাস্তা সদর উপজেলার মধ্যে হলেও নির্বাচনী এলাকা হিসেবে পড়ে সরিষাবাড়ী আসনে। ফলে ওই রাস্তা সম্পর্কে জনপ্রতিনিধির মাধ্যমে মেরামতের কোনো নির্দেশনা আমাদের কাছে ছিল না। তবে সরিষাবাড়ী আসনের সাংসদ যদি রাস্তাটি মেরামতের জন্য সুপারিশ করেন, তবে সরেজমিনে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে পাঠাব।’

জামালপুরের সরিষাবাড়ী আসনের সাংসদ মামুনুর রশিদ জোয়ার্দ্দার বলে, ‘রাস্তাটির কথা আমি শুনেছি। সম্প্রতি রাস্তাটি মেরামতের জন্য এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই রাস্তাটি মেরামত করা হবে।’