২১ বছরেও প্রকল্পের লক্ষ্য অর্জিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে সেচ প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে চালু হয়েছিল পাবনা সেচ ও পল্লি উন্নয়ন প্রকল্প। কিন্তু ২১ বছরেও প্রকল্পটি সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি। বরং শুরুর দিকে প্রকল্পের আওতায় পাঁচ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া হলেও এখন তা দুই হাজার ৩০০ হেক্টরে দাঁড়িয়েছে। জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ব্যবস্থাপনায় ৩৮৪ কোটি টাকা ব্যয়ে ১৯৯২ সালে পাবনা সেচ ও পল্লি উন্নয়ন প্রকল্প চালু হয়। এ জন্য বেড়া উপজেলার বৃশালিখায় হুরাসাগর নদের পাড়ে পানি তোলার জন্য ও কৈটোলায় যমুনা নদীর পাড়ে পানিনিষ্কাশনের জন্য নির্মাণ করা হয় শক্তিশালী দুটি পাম্পস্টেশন। এ ছাড়া নির্মাণ করা হয় ছোট-বড় অসংখ্য সেচ খাল, নিষ্কাশন খাল, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জলকপাট, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো।পাউবো সূত্রে জানা গেছে, পাবনার নয়টি, নাটোরের দুটি ও সিরাজগঞ্জের একটি উপজেলার এক লাখ ৮৪ হাজার ৫৩৪ হেক্টর জমি এই সেচ প্রকল্পের আওতাধীন। প্রথম পর্যায়ে সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে সেচ প্রদান ও বন্যামুক্ত করার লক্ষ্যে প্রকল্পটি চালু হয়। প্রকল্প চালুর প্রথম দিকে পাবনার বেড়া, সাঁথিয়া ও সদর উপজেলার প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া হয়। বেড়া পাউবো কার্যালয় সূত্র জানায়, গত বছর দুই হাজার ৩০০ হেক্টর জমিতে সেচ দেওয়া হয়। চলতি বছরের হিসাব জানাতে পারেনি পাউবো। বারবার পাড় ভাঙায় ফসলহানির ঘটনা যেমন ঘটে তেমনি বাধাগ্রস্ত হয় পানি সরবরাহ।এদিকে কোনো কোনো এলাকায় পানিনিষ্কাশনের ব্যবস্থা না রেখে অপরিকল্পিতভাবে সেচ অবকাঠামো নির্মাণে বেশ কিছু জমিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সাঁথিয়ার ইটকাটা, পাইকশা, বেহুলা, আঁধারিয়াসহ কয়েকটি বিলের কয়েক হাজার বিঘা জমি জলাবদ্ধতায় অনাবাদি হয়ে আছে। প্রকল্প এলাকায় সেচযন্ত্রের ব্যবহার নিষিদ্ধ হলেও বেড়ার পায়না-তেঘরির ফসলের মাঠে গিয়ে দেখা গেছে, সেচযন্ত্রের পানিতে কৃষকেরা ফসলের আবাদ করছেন। অথচ বছর দুয়েক আগেও সেচ খালের পানি নিয়ে কৃষকেরা এখানে বোরোসহ অন্যান্য ফসলের আবাদ করতেন। কৃষকেরা জানান, সেচ খালের উদ্বৃত্ত পানি বের হওয়ার ব্যবস্থা না থাকায় এই মাঠের অনেক জমি জলাবদ্ধতার শিকার হয়। এ জন্য বাধ্য হয়ে কৃষকেরা সেচ খাল থেকে পানি নেওয়া বন্ধ করে সেচযন্ত্র ব্যবহার করছেন। পাউবোর হাতিগাড়া পানি ব্যবহারকারী সমবায় সমিতির সভাপতি আলাউদ্দিন আলী বলেন, ‘সেচ খাল থেকে প্রতি বিঘায় পানি নেওয়ার সার্ভিস চার্জ ২২০ টাকা। অথচ সেচযন্ত্রের মাধ্যমে এই খরচ দাঁড়ায় কমপক্ষে তিন হাজার টাকা। কিন্তু তা সত্ত্বে পায়না, তেঘরি, হাতিগাড়া মহল্লাসহ অনেক এলাকার কৃষক নিরুপায় হয়ে সেচযন্ত্র ব্যবহার করছেন। প্রতিবছরই প্রকল্পের সেচ প্রদানের জমি কমে আসছে। এমন চলতে থাকলে এটি একটি মৃতপ্রায় প্রকল্পে পরিণত হবে।’পাউবোর বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বলেন, ‘প্রকল্প এলাকার সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতেই আমরা পানি সরবরাহ করতে সক্ষম। এ ব্যাপারে আমাদের সেচ অবকাঠামোসহ যান্ত্রিক সুবিধাদির ঘাটতি নেই। কিন্তু বোরো চাষের বদলে কোনো কোনো কৃষক অন্য ফসলে আগ্রহী হওয়ায় তাঁরা সেচ খালের পানি নিতে অনাগ্রহী। এ জন্য সেচ প্রদানের জমির পরিমাণ কিছুটা কমেছে।’