২১ বছরেও শুরু হয়নি বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আলোচিত গ্র্যান্ড হোটেলে বোমা বিস্ফোরণ ও মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার ২১ বছরেও শুরু হয়নি। আসামি ও বাদীপক্ষ সময়ের আবেদন করায় ২১ বছরে ৫৫ বার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
বর্তমানে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। বিচার দেখে যেতে পারেননি মামলার বাদী হোটেল মালিক নাছিম উদ্দিন। বছর খানেক আগে মারা যান তিনি।
১৯৯৪ সালে নগরের নন্দনকানন গ্র্যান্ড হোটেলে বোমা বিস্ফোরণ ও মারামারির ঘটনায় হাসান মোহাম্মদ শমসেরসহ নয় আসামির বিরুদ্ধে মামলা হয়। একই বছরের ১৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। শমসেরনগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী। মামলার বাকি আসামিরা হলেন ইউনুস, নিলু প্রকাশ ভেজা, সামছু, বাবুল বড়ুয়া, মো. মিন্টু, পিন্টু, সেলিমুর রশীদ প্রকাশ সেলিম ও আবদুস সাত্তার। এঁদের মধ্যে বাবুল বড়ুয়া ও ইউনুস দীর্ঘদিন ধরে পলাতক। আসামিরা সবাই আওয়ামী লীগের কর্মী।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এটিকে নজিরবিহীন ঘটনা উল্লেখ করে প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রপক্ষ ও আদালতে কর্মরতদের গাফিলতি এর জন্য দায়ী। আইনজীবী থেকে শুরু করে প্রত্যেকে নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে মামলাটি এত দিনে নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা। বাদী ও আসামিপক্ষ বারবার সময়ের আবেদন করলেও তা মঞ্জুর নিয়েও প্রশ্ন রয়েছে। এভাবে চলতে থাকলে আদালতে মামলাজট বাড়তে থাকবে। ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে বিচারপ্রার্থীরা।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ আহাম্মদ আদনান আরমান প্রথম আলোকে বলেন, দায়িত্ব নিয়েছি তিন মাস হলো। এর মধ্যে দুবার মামলাটির ধার্য ছিল। একবার নথি না থাকায় আরেকবার ব্যক্তিগত কারণে সময়ের আবেদন করেছি। এর আগে কী হয়েছে জানি না।’
সাবেক চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদের কাছে জানতে চাইলে বলেন, ‘অনেক মামলা পরিচালনা করেছি। এ মুহূর্তে মনে পড়ছে না কেন মামলাটি ঝুলে আছে।’
আসামিপক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী জানান, অবহেলার কারণে মামলাটি এত দিন ঝুলে আছে। আগামী ধার্য দিনে আসামিদের অভিযোগ গঠন থেকে অব্যাহতির আবেদন করবেন।
আদালত সূত্রে জানা গেছে, সর্বশেষ গত রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করায় তা পিছিয়ে যায়। পরে আদালত আগামী ১০ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন।
নগরের কোতোয়ালি থানার এনায়েত বাজারের ১৪ নন্দনকানন গ্র্যান্ড হোটেলে শমসেরের নেতৃত্বে বোমা হামলা ও মারামারি ঘটনা ঘটলে তিনজন নিহতও আহত হয় অর্ধশত মানুষ। এ ঘটনায় হোটেল মালিক নাছিম উদ্দিন বাদী হয়ে ১৯৯৪ সালের ৬ মে কোতোয়ালি থানায় মামলা করেন।
তদন্ত শেষে ঘটনার বছরের ১৮ ডিসেম্বর কোতোয়ালি থানার এসআই আতিকুর রহমান শমসেরসহ নয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। আদালত অভিযোগপত্রটি গ্রহণ করলেও ২১ বছরেও অভিযোগ গঠন করা হয়নি। ফলে আলোচিত এ ঘটনার বিচারও শুরু হচ্ছে না।