খুলনা অঞ্চলের উন্নয়নে আগামী জাতীয় বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দসহ বিভিন্ন দাবিতে ২১ মার্চ এক ঘণ্টার খুলনা অচল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি গতকাল শনিবার এক সভায় এ ঘোষণা দেয়। কর্মসূচি সফল করতে সভায় খুলনা সদর, নয়টি উপজেলা, বাগেরহাট ও সাতক্ষীরায় সাংগঠনিক সফরসূচি নির্ধারণসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম দাউদ আলী। সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, লোকমান হাকিম, শেখ মোশারফ হোসেন, মোস্তফা কামাল, অধ্যাপক আবুল বাসার প্রমুখ। উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির অন্য দাবিগুলো হলো: দ্রুত মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ, খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণ, খুলনা-চুয়াডাঙ্গা ডবল রেললাইন স্থাপন, খুলনা-ঢাকা ট্রেনের সংখ্যা বৃদ্ধি, মংলা বন্দরের উন্নয়ন, পাইপলাইনে খুলনায় গ্যাস সরবরাহ, বিমানবন্দর স্থাপন, খুলনায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জেলা স্টেডিয়াম সংস্কার, জেলা শিল্পকলা একাডেমী নির্মাণ, খুলনা-যশোর মহাসড়ক এবং সব উপজেলার সড়ক দ্রুত সংস্কার।