২১ মাস পর বগুড়া বিএনপির নির্বাহী কমিটি ঘোষণা
অবশেষে বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের পরামর্শক্রমে সাইফুল ইসলামকে সভাপতি, জয়নাল আবেদীন চানকে সাধারণ সম্পাদক ও মীর শাহে আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তাঁদের শিগগিরই জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নিদের্শ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর জেলা বিএনপির কমিটি গঠনের খবর বগুড়ায় ছড়িয়ে পড়লে নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, দলের শীর্ষপর্যায় থেকে কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে বলার কী থাকতে পারে! তবে তাঁরা আক্ষেপ করে বলেন, তারেক রহমান সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের প্রথা চালু করেছিলেন। দীর্ঘদিন ধরে বগুড়ায় সেটা মানাও হয়েছে। এবারই তার ব্যতিক্রম ঘটল। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, গতকাল দুপুরেই দলের ভারপ্রাপ্ত মহাসচিব কমিটি ঘোষণা করে ফ্যাক্স করেছেন। ২০০৯ সালের ২১ জুলাই পৌরসভার মেয়র মাহবুবর রহমানকে আহ্বায়ক এবং সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি গঠনের তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের মধ্যে বিরোধের কারণে যথাসময়ে কমিটি গঠন হয়নি।