২১ মাস পর মুক্তি পেলেন মাহমুদুর রহমান মান্না

দীর্ঘ প্রায় ২১ মাস পর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে করা পৃথক দুই মামলায় মান্নাকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখে গত ২৮ নভেম্বর আদেশ দেন সর্বোচ্চ আদালত। পুলিশের প্রতিবেদন দাখিল করা পর্যন্ত ওই দুই মামলায় মান্নার জামিন বহাল রাখা হয়। তবে তাঁর পাসপোর্ট জমা রাখতে বলা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, গতকাল মান্নার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে সন্ধ্যা সাতটার দিকে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।
এ দিকে মান্নার মুক্তির খবর পেয়ে গতকাল দুপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নাগরিক ঐক্যের নেতা-কর্মীরা ভিড় জমান। এ সময় নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম হোসেনসহ সংগঠনের নেতাদের মধ্যে শহীদুল্লাহ কায়সার, জিন্নু আহমেদ চৌধুরী, খন্দকার সেলিম, শিউলি সুলতানা, ছাত্রঐক্যের নাজমুল হকসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। গতকাল রাত নয়টার দিকে মান্না বাসায় পৌঁছান বলে প্রথম আলোকে জানান তাঁর সহধর্মিণী মেহের নিগার।
এস এম আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের এত দিনের প্রচেষ্টা সফল হয়েছে। যাঁরা তাঁকে মুক্ত করতে সহায়তা করেছেন ও সমর্থন দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।’
রাষ্ট্রদ্রোহ ও সেনাবিদ্রোহে উসকানির অভিযোগে গত বছরের ৫ মার্চ ও ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় মান্নার বিরুদ্ধে পৃথক মামলা হয়। নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলি-আলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর গত বছর ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেপ্তার করে পুলিশ। এই দুই মামলায় ২ ও ৭ মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ হয়। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। ওই দুই মামলায় মান্নার জামিন প্রশ্নে গত ২১ মার্চ হাইকোর্ট রুল দেন। দুটি মামলার মধ্যে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করে ৩০ আগস্ট জামিন দেন হাইকোর্ট। উসকানির অভিযোগে করা মামলায় ১০ নভেম্বর হাইকোর্ট মান্নাকে জামিন দেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে হাইকোর্টের আদেশ স্থগিত হয়। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে ২৮ নভেম্বর আপিল বিভাগ মান্নার জামিন বহাল রেখে আদেশ দেন।