২১ মাস পর শুরু হিমাদ্রী হত্যা মামলার বিচারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমাদ্রী মজুমদার
হিমাদ্রী মজুমদার

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে হিমাদ্রী মজুমদার হত্যা মামলার আসামি ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তাঁর ছেলে জুনায়েদ রিয়াদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঘটনার ২১ মাস পর আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে ১৮ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।
অভিযুক্ত অন্যরা হলেন শাহাদাত হোসাইন, জাহিদুল ইসলাম শাওন ও মাহাবুব আলী খান ওরফে ড্যানি। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আজ আদালতে শাহ সেলিম ও শাহাদাত হাজির ছিলেন। অন্যরা পলাতক।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে হিমাদ্রীকে মারধরের পর জার্মানির হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া হয়। সামারফিল্ড স্কুলের ‘এ’ লেভেলের শিক্ষার্থী এই তরুণকে পরে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপর ২৩ মে চিকিত্সাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান হিমাদ্রী। ঘটনার পরদিন ২৮ এপ্রিল হিমাদ্রীর বাবা নগরের পাঁচলাইশ থানায় একটি জিডি করেন। হিমাদ্রী মারা যাওয়ার পর তাঁর মামা অসিত দে বাদী হয়ে একই থানায় এই পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আজ মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে  অভিযোগ পড়ে শোনানো হয়। পরে আসামিপক্ষের আইনজীবীরা বিবাদীদের নির্দোষ দাবি করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ১৮ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার প্রথম আলোর কাছে অভিযোগ গঠন হওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা করেন আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে।
এর আগে মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হওয়ার দিন ধার্য থাকলেও তা বারবার পিছিয়ে গেছে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বারবার সময়ের প্রার্থনা ও হরতালের কারণে ধার্য দিনে অভিযোগ গঠন করা হয়নি। গত বছরের ১৭ ও ২৮ নভেম্বর এবং ১৬ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ সময়ের প্রার্থনা করলে শুনানি পিছিয়ে যায়। অথচ গত বছরের ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ।