বরিশালে খাওয়ার স্যালাইন উৎপাদন ও সরবরাহকেন্দ্রের কর্মচারীদের বেতন-ভাতা ২১ মাস ধরে বন্ধ রয়েছে। ফলে এ কেন্দ্রের ২২ জন কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। কেউ কেউ অন্য কাজে যোগ দিয়েছেন। এখন জনবলসংকটে কেন্দ্রের উৎপাদন হুমকির মুখে পড়েছে।কেন্দ্রের শ্রমিক সজীব হাওলাদার বলেন, ‘২১ মাস বেতন বন্ধ থাকায় বাধ্য হয়ে কেন্দ্রে যাওয়া বাদ দিয়েছি। বর্তমানে একটি দোকানে সহকারী হিসেবে কাজ করছি।’ আরেক শ্রমিক মজিবর রহমান বলেন, ‘২০০৫ সালে এই কেন্দ্রে যোগ দিয়েছি। এত দিনেও চাকরি স্থায়ী হয়নি। বিনা বেতনে কাজ করে নিঃস্ব হয়ে গেছি। এখন টিউশনি করছি। বেতন চালু হলে আবার কেন্দ্রে যাব।’ কেন্দ্রের ব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা ২১ মাস বেতন-ভাতা না পাওয়ায় অন্যত্র চলে গেছেন। জনবল থাকাকালে গড়ে প্রতিদিন ২৫-২৬ হাজার প্যাকেট স্যালাইন উৎপাদন হতো। বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র চার-পাঁচ হাজার প্যাকেট। গরমের তীব্রতার সঙ্গে সঙ্গে স্যালাইনের চাহিদা বাড়বে।শহীদুল ইসলাম জানান, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ—এই নয়টি জেলায় প্রতিবছর প্রায় এক কোটি প্যাকেট খাওয়ার স্যালাইনের চাহিদা রয়েছে। এই কেন্দ্র থেকে গড়ে ৫৫ থেকে ৬০ লাখ প্যাকেট স্যালাইন সরবরাহ করা হতো। জনবলসংকটের কারণে বর্তমানে এ কেন্দ্র থেকে মাত্র ১২ লাখ প্যাকেট সরবরাহ করা সম্ভব হয়।এ ব্যাপারে বরিশালের সিভিল সার্জন এ টি এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, শ্রমিকদের বেতন বন্ধ থাকায় স্যালাইন উৎপাদন ব্যাহত হচ্ছে। শ্রমিকদের বকেয়া বেতন পাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। বেতন চালু হলে শ্রমিকেরা আবার কাজে যোগ দেবেন। আশা করি, শিগগিরই এ সমস্যার সমাধান হয়ে যাবে।