২১ লাখ মানুষের জন্য চিকিৎসক ১০৭, তারও অর্ধেক অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট উপজেলায় জনসংখ্যা ২১ লাখ। তাদের জন্য চিকিৎসকের পদ ১৮৪টি। এর মধ্যে ৭৭টি শূন্য। কাগজে-কলমে ১০৭ জন পদে থাকলেও তাঁদের অর্ধেকই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত। এঁদের মধ্যে নয়জনের কোনো খোঁজই নেই। তাঁরা এক থেকে ১২ বছর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত।এটা হবিগঞ্জ জেলার চিকিৎসা খাতের বর্তমান চিত্র। এই হালহকিকত নিয়েই দীর্ঘদিন ধরে চলছে চিকিৎসাসেবা। প্রত্যাশিত সেবা না পেয়ে জেলার রোগীরা ছুটছেন অন্যত্র। সিভিল সার্জন সফিকুর রহমান চিকিৎসকের ঘাটতির কথা স্বীকর করে বলেন, নানা উপায়ে এই শূন্যতা পূরণের চেষ্টা চলছে। তবে নতুন চিকিৎসক পদায়ন না করলে এ সমস্যা কাটবে না। যাঁরা অনুপস্থিত রয়েছেন, তাঁদের মধ্য থেকে পাঁচজনকে প্রত্যাহার করা হয়েছে। বাকিদের বিষয়ে প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য বিভাগের নীতিমালা অনুযায়ী, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন, গাইনি, সার্জারি, অবেদনবিদ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা, ডেন্টাল সার্জন এবং দুটি করে চিকিৎসা কর্মকর্তার পদ রয়েছে। তবে জেলার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোনোটিতেই বর্তমানে সে অনুযায়ী চিকিৎসক নেই বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। বিশেষ করে এসব কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি প্রকট। কার্যালয় সূত্র জানায়, হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ মঞ্জুরি করা চিকিৎসক পদ ১৩টি, তবে কর্মরত আছেন সাতজন; চুনারুঘাটে পদ ১৯টি, কর্মরত ১৩ জন; মাধবপুরে পদ ৩২টি, কর্মরত ১৮ জন; বাহুবলে পদ ১২টি, কর্মরত নয়জন; নবীগঞ্জে পদ ২২টি, কর্মরত ১০ জন; বানিয়াচংয়ে পদ ২০টি, কর্মরত সাতজন; আজমিরীগঞ্জে পদ ১৪টি, কর্মরত চারজন; লাখাইয়ে পদ ১৫টি, কর্মরত সাতজন এবং হবিগঞ্জ সদর জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকসহ পদ ৩৭টি, কর্মরত আছেন ৩২ জন। সে হিসাবে জেলায় চিকিৎসকের ৭৭টি পদ বর্তমানে শূন্য রয়েছে।অনুসন্ধানে দেখা যায়, বিশেষ করে জেলার ভাটি এলাকা বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসকের ঘাটতি বেশি। ওই এলাকায় কেউ থাকতে চান না। কেউ যোগদান করলেও স্বল্প সময়ের মধ্যেই বদলি হয়ে অন্যত্র চলে যান। আবার অনেক চিকিৎসক কর্মকর্তা বদলি না হলেও উচ্চতর প্রশিক্ষণের কথা বলে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকছেন।জেলা স্বাস্থ্য বিভাগের এক হিসাবে, আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৭ জন চিকিৎসক বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন। আর নয়জনের কোনো হদিসই পাওয়া যাচ্ছে না। তাঁরা একাধারে এক থেকে ১২ বছর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।এই নয়জন হচ্ছেন: মাধবপুরের জগদীশপুর উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা রেহানা ইয়াসমিন (১২ বছর অনুপস্থিত), সাতিয়ান উপস্বাস্থ্যকেন্দ্রের মো. আলী আযম (নয় বছর), বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. মাহবুবুর রহমান (সাত বছর) ও রোজিনা বেগম (সাত বছর), সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অরুণাভ ভট্টাচার্য (পাঁচ বছর), জেলা সিভিল সার্জন কার্যালয়ের রতিশ চন্দ্র দাশ (তিন বছর), চুনারুঘাট রানীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মঞ্জুরুল আহমেদ (দুই বছর), আজমিরীগঞ্জের কাকাইলছেও উপস্বাস্থ্যকেন্দ্রের মো. মনিরুজ্জামান খান (দুই বছর) এবং বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লতিফা জাহান (এক বছর)।সিভিল সার্জন কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই চিকিৎসকদের বেশির ভাগই বিদেশে পাড়ি জমিয়েছেন। এঁদের বাইরে যাঁরা কাগজে-কলমে কর্মস্থলে রয়েছেন, তাঁদের অনেকেই নিয়মিত কর্মস্থলে না এসে ঢাকাসহ বিভিন্ন এলাকার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সময় দেন। সব মিলিয়ে অর্ধেকের বেশি চিকিৎসক নিয়মিত কর্মস্থলে আসেন না।জেলা শহরের বাসিন্দা দেবাশীষ সাহা অভিযোগ করেন, জনগণের অর্থে পরিচালিত মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রায় বিনা খরচে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি নিলেও তাঁরা জনগণের প্রতি দায়বদ্ধতা ভুলে যাচ্ছেন। তাঁরা প্রতিশ্রুতি ভুলে গ্রামাঞ্চলের মানুষের কথা না ভেবে কেবল ঢাকা শহরের দিকে ঝুঁকে পড়ছেন। এতে ন্যূনতম বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়ার অধিকারটুকুও তাঁরা পাচ্ছেন না।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি চিকিৎসক মুশফিক হোসেন চৌধুরী বলেন, ‘অতীতে জেলায় চিকিৎসকের ঘাটতি আরও বেশি ছিল। আমি বিএমএর দায়িত্ব নেওয়ার পর অ্যাডহক ভিত্তিতে কিছুটা কমিয়ে এনেছি।’ তবে জেলায় বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতির কথা স্বীকার করে তিনি বলেন, এ ব্যাপারে তিনি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।