২১ শতকেও নারী নির্যাতন ও বৈষম্য লজ্জাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা বলেছেন, স্বাস্থ্য ও শিক্ষাসহ কিছু ক্ষেত্রে নারীর এগিয়ে যাওয়ার চিত্র আশাব্যঞ্জক। তবে একুশ শতকেও নারী পারিবারিক পরিমণ্ডলসহ বিভিন্ন জায়গায় নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছে, যা লজ্জাজনক। এ থেকে উত্তরণে নারীর প্রতি নেতিবাচক ধারণার পরিবর্তন দরকার।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। আজ সোমবার ডেইলি স্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে ‘জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড উইমেন্স এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক বৈঠকটি আয়োজন করা হয়। ডেইলি স্টার-এর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক শাহেদুল আনাম সভা সঞ্চালনা করেন।

আলোচনায় অংশ নিয়ে ইউএনএফপিএর ভারপ্রাপ্ত দেশীয় প্রতিনিধি আইওরি কাটো বলেন, বাংলাদেশ সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা করতে যাচ্ছে। বেইজিং সম্মেলনের ২০ বছর পূর্তি, এমডিজি অর্জনের বছরসহ চলতি বছর নানা কারণে গুরুত্বপূর্ণ। এমন সময়ে এ ধরনের পর্যালোচনা পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।

বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেন্ডারবিষয়ক গবেষণা শাখার ডেপুটি কো-অর্ডিনেটর মাহীন সুলতান। তিনি স্বাস্থ্যসহ একাধিক ক্ষেত্রে নারী অগ্রগতির চিত্র তুলে ধরার পাশাপাশি কিছু চ্যালেঞ্জের কথাও বলেন।

শুরুতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, নারীরা একদিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে নারী নির্যাতন, নারীর প্রতি বৈষম্য বা নারীর প্রতি যে ধরনের অবমাননাকর আচরণ করা হচ্ছে, তা খুবই লজ্জাজনক। নারীর ক্ষমতায়নে ডেইলি স্টার প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারীরা সেনাবাহিনীতে দক্ষতার পরিচয় দিচ্ছেন, হিমালয়ের চূড়ায় উঠছেন। তবে নারীদের প্রতি আচরণের ক্ষেত্রে প্রাপ্য সম্মান দেখানো হয় না। তিনি জেন্ডার বাজেটিংয়ের বিষয়টি নজরদারির আওতায় আনা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ করেন।

সাংসদ হাবিব ই মিল্লাত বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্য পূরণ হয়নি। এ ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা একটি বড় সমস্যা। পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জেন্ডারের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা বৃদ্ধি ও বাল্যবিবাহ বন্ধ করা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী নারীর ক্ষমতায়নে নারীর নিরাপত্তা, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি এবং রাজনৈতিক সদিচ্ছার বিষয়ে জোর দেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক জনসংখ্যা গবেষণাপ্রতিষ্ঠান পপুলেশন কাউন্সিলের দেশীয় পরিচালক ওবায়দুর রব বলেন, মেয়েদের চেয়ে ছেলেরা বেশি প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে, তাই চাকরির বাজারে প্রবেশের বেশি সুযোগ পাচ্ছে। অন্যদিকে চাকরির বাজারে প্রবেশ করতে পারছে না বলে মেয়েরা বাল্যবিবাহের শিকার হচ্ছে। গবেষণার উদাহরণ দিয়ে ওবায়দুর রব জানান, শহরের বস্তির মেয়ে ও নারীরা সবচেয়ে বেশি নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছে।

নারীর অবদানের স্বীকৃতি ও নারীর শ্রমের মূল্য না দেওয়া, গৃহশ্রমিক নির্যাতন, কর্মজীবী নারীদের যাতায়াতসহ বিভিন্ন সমস্যার উল্লেখ করে ইউএন উইমেনের প্রতিনিধি ক্রিস্টিন হান্টার বলেন, অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি।

বৈঠকে সুইডেনের রাষ্ট্রদূত জন ফ্রিসেল, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডে জং, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সৈয়দ সাদ আন্দালিব, সেন্টার ফর পলিসি ডায়ালগের জেন্ডার বিশেষজ্ঞ তৌফিক খান প্রমুখ আলোচনায় অংশ নেন।