চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে বরখাস্ত হওয়া ২১ শ্রমিককে পুনর্বহালের দাবি জানিয়েছে তিন শ্রমিক সংগঠন। গতকাল সোমবার করপোরেশনের সাধারণ সভায় প্রবেশ করে শ্রমিক নেতারা এ দাবি জানান। করপোরেশনের মেয়র মন্জুর আলম সভায় সভাপতিত্ব করেন।
সভায় পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করার জন্য পরিচ্ছন্ন বিভাগের খালি পদের বিপরীতে বিধিবিধান অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে সেবক নিয়োগের সিদ্ধান্ত হয়।
করপোরেশনের সচিব রশিদ আহমদ শ্রমিক সংগঠনগুলোর দাবির বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘গত মে ও জুন মাসের হাজিরার ভিত্তিতে কর্মস্থলে টানা ৩০ দিন অনুপস্থিত থাকায় ২১ শ্রমিককে বরখাস্ত করা হয়। ৩০ দিনের কম যাঁরা অনুপস্থিত ছিলেন তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বরখাস্ত হওয়া ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া শ্রমিকেরা সবাই দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত ছিলেন।’
চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘যাঁদের বরখাস্ত করা হয়েছে, তাঁরা সবাই পরিচ্ছন্নতাকর্মী। এই কাজ করতে গিয়ে অনেকেই প্রায় সময় অসুস্থ হয়ে পড়েন। মানবিক দিক বিবেচনা করে তাঁদের চাকরিতে পুনর্বহাল করতে দাবি জানিয়েছি। শিক্ষাবঞ্চিত এসব শ্রমিককে অনেকেই ছুটির আবেদন প্রক্রিয়া সম্পর্কে যথাযথ ধারণা নেই।’